র‌্যাব-পুলিশের পাহারায় ইউএনও ভয়ে অফিসে আসেননি পিআইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) গালাগাল ও মারপিটের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভয়ে ইউএনও গত দুই দিন পুলিশ ও র‌্যাবের পাহারায় অফিস করেছেন। আর পিআইও অফিসেই আসেননি।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বলেন, থানা ও পুলিশ লাইন থেকে প্রায় অর্ধশত পুলিশ সদস্য এবং এক গাড়ি র‌্যাব বুধবার ও গতকাল বৃহস্পতিবার অফিস চলাকালীন ইউএনওর পাহারায় ছিলেন। কড়া নিরাপত্তাব্যবস্থা দেখে চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেননি।ইউএনও ও পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের চারজন ইউপি সদস্য—আসমা বেগম, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ও আলেখা বেগম, হরিরামপুর জন-উন্নয়ন ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সুখানদিঘি মাদ্রাসার সভাপতি আশরাফুল ইসলামের নামে গত মাসের শুরুতে ছয়টি প্রকল্পে ৪০ দশমিক ৩০৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ প্রভাব খাটিয়ে নিজের লোকদের নামে প্রকল্পগুলো ভাগিয়ে নেন।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত সোমবার ছিল প্রকল্পগুলোর সরবরাহপত্র দেওয়ার শেষ দিন। এদিন প্রকল্পের সভাপতিরা স্বাক্ষর নিতে আসেন। কিন্তু ঠিকমতো কাজ না হওয়ায় পিআইও আবু লোহেল আল মামুন ওই সরবরাহপত্রে স্বাক্ষর করেননি। পরে উপজেলা চেয়ারম্যান পিআইওকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠিয়ে স্বাক্ষর করার জন্য তাঁকে চাপ দেন। চেয়ারম্যান বলেন, এটা তাঁর ইউনিয়নের কাজ। হোক বা না হোক, তাঁকে (পিআইও) স্বাক্ষর দিতেই হবে। কিন্তু এতে রাজি না হলে চেয়ারম্যান তাঁকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে মারপিটের হুমকি দিলে পিআইও বাধ্য হয়ে স্বাক্ষর করেন। পিআইওর স্বাক্ষর করা হলে চেয়ারম্যান ইউএনওর স্বাক্ষর এনে দিতে বলেন। ইউএনও নিরাপত্তার কথা ভেবে সরবরাহপত্রে সই করে দেন।পিআইও কার্যালয় সূত্র জানায়, ইউএনও তাঁর কার্যালয়ের ফাইল কপিতে স্বাক্ষর করলেও অর্পণ আদেশে স্বাক্ষর করেননি। ফলে এ-সংক্রান্ত কোনো চিঠি খাদ্যগুদামে যায়নি, বরং ইউএনও রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কার্যালয়ে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠান। পিআইও আবু লোহেল রাজশাহীর বাগমারা উপজেলায় কর্মরত। তিনি দুর্গাপুরের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তার কথা ভেবে তিনিও জেলা প্রশাসককে চিঠি দিয়ে দুর্গাপুরের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।ইউএনও আমিনুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যানের অব্যাহত হুমকির মুখে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।পিআইও আবু লোহেল বলেন, ‘আমরা বাধ্য হয়ে স্বাক্ষর করেছিলাম। নিরাপত্তাজনিত কারণে দুর্গাপুরে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই জেলা প্রশাসককে চিঠি দিয়েছি।’অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, ‘আমি কাউকে হুমকি বা গালাগাল করিনি। এটা উপজেলা চেয়ারম্যান করতেও পারে না। আমাকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে।’জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।