র্যাব প্রধানের বক্তব্য নিল তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সংশ্লিষ্টতাসহ ঘটনাটির বিষয়ে গতকাল সোমবার র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের বক্তব্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ওই ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে সাত সদস্যের এই কমিটি গঠিত হয়।
বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর‌্যান্ত সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে র‌্যাবপ্রধানের বক্তব্য নেওয়া হয়। এর আগে এ ঘটনায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানসহ প্রায় ৪০০ জনের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়ে বের হওয়ার পর র‌্যাবের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বাহিনীর প্রধান হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করাই বাঞ্ছনীয়। তাঁরা যা যা জানতে চেয়েছেন, তিনি সবকিছুই বলেছেন এবং যেটা সত্যি, সেটাই বলেছেন।
কী কী বিষয়ে কথা হয়েছে, জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, যেহেতু কমিটি জিজ্ঞাসাবাদ করেছে, সেহেতু সব বিষয়ই গুরুত্বপূর্ণ, সব বিষয়েই তিনি বলেছেন। তিনি বলেন, র‌্যাবের স্বচ্ছতা আছে। র‌্যাব যেটা সত্য সেটাই করে। র‌্যাব আইন, ন্যায় ও সত্যের পথে সব সময় থাকে, তিনি এটা বলেছেন।
পরে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী সাংবাদিকদের বলেন, এই হত্যা মামলায় র‌্যাবের সদস্যরা আসামি, তাঁদের কয়েকজন গ্রেপ্তারও আছেন। তাই সংস্থার প্রধান হিসেবে তিনি (মোখলেছুর) কতটুকু জানেন, সে বিষয়ে কথা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য র‌্যাবের মহাপরিচালকের পরামর্শ নেওয়া হয়েছে।
শাহজাহান আলী বলেন, ‘এই হত্যার ঘটনা নিয়ে গণমাধ্যমে যেসব খবর এসেছে, সাক্ষীরা যা বলেছেন, আমরা যেসব তথ্য পেয়েছি, তার ভিত্তিতে র‌্যাবপ্রধানের সঙ্গে আলোচনা করেছি।’ সাত খুনের ঘটনা আগে থেকেই র‌্যাবের সদর দপ্তর জানত কি না, এমন প্রশ্নে তিনি বলেন, চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে উল্লেখ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষের পথে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। এই মামলার প্রধান আসামি নূর হোসেনকে না পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর থানার শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের ছয়জনের এবং পরদিন অপরজনের লাশ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে টাকা নিয়ে র‌্যাব-১১-এর কয়েকজন সদস্য এ ঘটনা ঘটান। এ ঘটনায় র‌্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাবের কর্মকর্তা আরিফ হোসেন ও এম এম রানাকে প্রথমে চাকরিচ্যুত ও পরে গ্রেপ্তার করা হয়। তাঁরা তিনজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।