র‌্যাব বলছে, এটা অপরাধীদের জন্য সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় র‌্যাবের গুলিতে পাঁচ সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা রাজধানীর অপরাধীদের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন র‌্যাবের কর্মকর্তারা। জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বলতে পারেন এ ঘটনা অপরাধীদের জন্য একটা সংকেত। প্রায় প্রতিদিনই আমরা শুনছি বিভিন্ন ধরনের ছিনতাইয়ের খবর। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এদের থামাতে র‌্যাব আপ্রাণ চেষ্টা করছে। এখন আর কোনো ছাড় দেওয়া হবে না।’গত শুক্রবার উত্তরা ১৩ নম্বর সেক্টরে র‌্যাবের গুলিতে পাঁচ যুবক নিহত হন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের দাবি, এঁরা সবাই একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের সদস্য।র‌্যাবের কয়েকজন কর্মকর্তা বলছেন, ঈদ সামনে রেখে প্রতিবছরই ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এ বছরও সেভাবেই ছিনতাইকারীদের তৎপরতা বাড়তে শুরু করে। এর পরই র‌্যাবের হাতে পাঁচ যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। ওই ঘটনার পর একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আাালোকে জানান, সেদিন উত্তরার রাস্তায় খুব কাছ থেকে র‌্যাবের সদস্যরা গুলি ছুড়েছেন। র‌্যাবের গুলিতেই সন্দেহভাজন পাঁচ ছিনতাইকারী নিহত হন। সেখানে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটেনি বলেই তাঁরা জানিয়েছেন। এদিকে সেদিনের ঘটনায় নিহত হওয়া বাকি এক যুবকের পরিচয় গতকাল পাওয়া গেছে, তাঁর নাম সাহিদুল ইসলাম (২৮)। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া দুই তরুণকে গতকাল থেকে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে জেরা করা হচ্ছে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান জানান, গ্রেপ্তার হওয়া ইমরান ও সাইদুলকে গতকাল থেকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একজনের পরিচয়: উত্তরার ঘটনার দুদিন পর গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গুলিবিদ্ধ আরেকটি লাশ শনাক্ত করেন নিহতের স্ত্রী সালমা বেগম। সালমা জানান, সাহিদুল গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ির ওতলাকচি গ্রামে কৃষিকাজ করতেন। টঙ্গীর মিরাশপাড়ায় সালমার বাবার বাড়ি। ১৪ দিন আগে দুই ছেলেকে নিয়ে সালমা টঙ্গীতে আসেন। শুক্রবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিতে টঙ্গী আসেন সাহিদুল। শনিবার তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। শুক্রবার ইফতারের পর সাহিদুল বাসা থেকে বের হন। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রোববার সকালে লোকমুখে খবর পেয়ে হাসপাতালে এসে লাশ পান সালমা।সালমা বলেন, ‘আমারে মাইরা ফালাইলেও বিশ্বাস করতাম না আমার স্বামী ডাকাইত।’ সালমার দাবি, সাহিদুল গ্রামের কৃষক। তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই।