স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে এনামুল হক শামীম এক কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়ে জনৈক জসীমউদ্দীন তাঁর ওপর হামলার পরিকল্পনা করেন। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুলের ওপর হামলার অভিযোগে চারজনকে আটকের পরে র্যাব গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।
র্যাবের আটক করা চারজন হলেন, মনির হোসেন (২৮), মো. হারুন (২৭), মেহেদী হাসান (২২) ও নজরুল ইসলাম (২৩)। মনিরকে রাজবাড়ী থেকে, হারুনকে ময়মনসিংহ থেকে ও বাকি দুজনকে রাজধানীর তেজতুরী বাজার বস্তি থেকে আটক করা হয়।
তবে এনামুল হক শামীম প্রথম আলোকে বলেছেন, তিনি জসীমউদ্দীন নামে কাউকে চেনেন না। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কখনোই কাউকে বহিষ্কারের সিদ্ধান্তও নেননি।
গতকাল সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, এনামুলের ওপর হামলার মূল পরিকল্পনা ও বিনিয়োগকারী জসীমউদ্দীন। পুরো ঘটনাটি সমন্বয় করেছেন ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন। মনিরের সঙ্গে জসীমের ভাই রানার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। হামলার জন্য দুটি অস্ত্র সরবরাহ করেন শেরেবাংলা নগর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন। ১৯ জুন এনামুলের ওপর গুলি করতে গিয়েছিলেন রানা, হারুন ও মেহেদী। র্যাব বলেছে, মনির ও জুয়েল কারওয়ান বাজার এলাকার সন্ত্রাসী আশিক ওরফে কিলার আশিকের সহযোগী।
এনামুল হক শামীম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্যের মধ্যে কিছু অসামঞ্জস্য রয়েছে। আমি চাই, আমাকে কে খুন করতে চেয়েছে তার নাম।’
ঘটনার বর্ণনা: গ্রেপ্তার মনির সাংবাদিকদের জানান, পূর্বপরিচিত জসীমউদ্দীন ঘটনার এক মাস আগে তাঁকে ডেকে বলেন, এক কর্মকর্তার কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁর মামাকে বদলি করা হয়েছে। সেই কর্মকর্তাকে গুলি করে ভয় দেখাতে হবে। পরে মনির শ্রমিক লীগ নেতা সালাহউদ্দীনের কাছ থেকে ২০ হাজার টাকায় দুটি অস্ত্র ভাড়া করেন এবং গুলি চালানোর জন্য তাঁর পরিচিত মেহেদীকে ঠিক করে দেন। গ্রেপ্তার মেহেদী বলেন, ১৯ জুন রানা ও হারুনের সঙ্গে তিনি ধানমন্ডিতে এনামুলের বাসার কাছে অবস্থান নেন। এনামুলের গাড়ি বাসা থেকে বের হওয়ার পর তাঁরা পিছু নেন এবং একপর্যায়ে তিনি ও হারুন তিনটি গুলি করেন। মনির বলেন, ঘটনার জন্য জসীম ৭৫ হাজার টাকা দিয়েছিলেন।
মেহেদী দাবি করেন, তিনি কারওয়ান বাজারের আলুর আড়তে কাজ করেন। মনির তাঁকে টাকার লোভ দেখিয়ে গুলি করতে পাঠান। তিনি বলেন, মনির ‘কিলার আশিকের’ সহযোগী। কারওয়ান বাজারে তাঁরা আশিকের নামে চাঁদাবাজি করেন।