র্যাব বাতিলের প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাতিলের কোনো প্রশ্নই আসে না। র্যাব বাতিল করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে দাবি তুলেছেন, সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই দাবিতে তিনি আন্দোলনে গেলে তা কঠোর হাতে দমন করা হবে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা কুর্শা, বেশীনগর ও রামনগর গ্রামের ৭০০ পরিবারকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন৷ নওদা কুর্শা-বেশীনগর-রামনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
খালেদা জিয়াকে উদ্দেশ করে ইনু বলেন, ‘জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুলি করে হত্যা করেছিলেন, সে জন্য উনি কি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন? পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, উনি কি পুলিশ বাতিলেরও প্রস্তাব দেবেন?’
তথ্যমন্ত্রী বলেন, র‌্যাবের কোনো সদস্য অপরাধ করলে তাঁকেও একচুল ছাড় দেওয়া হবে না।