র্যাব বিলুপ্ত না হলে আন্দোলন শুরু হবে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, র্যাব বিলুপ্ত না হলে আন্দোলন শুরু হবে। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার গুম-খুনের জন্য বাহিনী তৈরি করেছে। র্যাব এই বাহিনীতে কাজ করছে। র্যাব এখন রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, ঢাকায় গত ৪ ডিসেম্বর আটজনকে র্যাব-১ তুলে নিয়ে গেছে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১ জড়িত। র্যাব-৩-এর বিরুদ্ধেও অভিযোগ আছে। র্যাব এখন আতঙ্কের নাম।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় কারা জড়িত, তা পরিষ্কার। তাহলে কেন তাদের জেলে না রেখে জামাই-আদরে রাখা হচ্ছে? কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘অবসর দেওয়া হয়েছে আবার সব সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে। এটা কেমন ব্যাপার।’
খালেদা জিয়া অভিযোগ করেন, ওই দিনের ঘটনায় সাতজন নয়, ১১ জন মারা গেছেন। কিন্তু বলা হচ্ছে সাতজন। বাকি চারজন গরিব বলে তাঁদের নাম আসছে না। মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক দীপন দেওয়ান। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ও শিশু উপস্থিত ছিল।