র্যাব ভাড়াটিয়া খুনি, অবিলম্বে বিলুপ্ত করতে হবে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, র‌্যাব ভাড়াটিয়া খুনিতে পরিণত হয়েছে৷ তারা টাকার বিনিময়ে খুন করছে৷ মানুষের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে জীবন নিয়ে নিচ্ছে৷ এই বাহিনীর আর প্রয়োজন নেই৷ অবিলম্বে এই বাহিনী বিলুপ্ত করতে হবে৷
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন৷ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার বিচারে এজলাস স্থানান্তরের প্রতিবাদে ছাত্রদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে৷
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছেন, র‌্যাবের আর প্রয়োজন নেই৷ তাঁর এই বক্তব্য ন্যায়সংগত৷ এটা এখন সময়ের দাবি৷ তিনি অভিযোগ করেন, উচ্চ আদালতের দেওয়া নির্দেশের পর এটা স্পষ্ট যে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাব জড়িত৷ তবে কেবল র‌্যাবকে দায়ী করলেই হবে না৷ কেননা, সরকার ও প্রধানমন্ত্রী এই বাহিনী পরিচালনায় ব্যর্থ হয়েছেন৷
বিএনপি র‌্যাব সৃষ্টি করেছে, এখন তারাই র‌্যাবের বিলুপ্তি চাইছে—বিভিন্ন মহলের এমন সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, র‌্যাব গঠন করা হয়েছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের জন্য৷ কিন্তু এখন এই বাহিনীকে সরকার বিরোধী দল দমনের কাজে ব্যবহার করছে৷ এই বাহিনী সাধারণ মানুষকে খুন করছে৷ তিনি র‌্যাব বিলুপ্ত করে জনগণের সেবার জন্য আলাদা বাহিনী গঠনের দাবি জানান৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে যেসব গুম-অপহরণের পর খুনের ঘটনা ঘটেছে, তার সবই করেছে র‌্যাব৷