র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ‘ডেথ স্কোয়াড’ হিসেবে ব্যবহৃত হচ্ছে—এই অভিযোগ করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। র্যাবের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ করার জন্য একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশও করেছে সংস্থাটি।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান—উভয়ই র্যাব বিলুপ্ত করে দেওয়ার দাবিকে অযৌক্তিক বলে মনে করেন।
সংস্থার এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডামসের পাঠানো ওই চিঠিতে ভেঙে দেওয়ার আগ পর্যন্ত র্যাবে কর্মরত সামরিক বাহিনীর সব সদস্যকে সরিয়ে র্যাবকে পুরোপুরি বেসামরিক বাহিনীতে পরিণত করারও দাবি জানানো হয়। চিঠিটি পাঠানোর তারিখ উল্লেখ আছে ১৮ জুলাই। তবে গত রোববার এইচআরডব্লিউর ওয়েবসাইটে চিঠিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিউইয়র্কভিত্তিক এই সংগঠনের চিঠিতে বলা হয়, এইচআরডব্লিউসহ মানবাধিকার সংগঠনগুলো এক দশক ধরে র্যাবের বিরুদ্ধে বিপুলসংখ্যক বিচারবহির্ভূত হত্যা, আইনবহির্ভূতভাবে আটক ও আইনিকাঠামোর সুযোগ নিয়ে ‘পদ্ধতিগত’ নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছে। কিন্তু ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে র্যাব প্রতিষ্ঠার পর থেকে পরবর্তী সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারও এসব কর্মকাণ্ড বিষয়ে র্যাবকে দায়মুক্তি দিয়ে এসেছে। বিবৃতিতে বলা হয়, স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, গত ১০ বছরে প্রায় ৮০০ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব দায়ী।
ওই চিঠির বিষয়ে এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জে গত এপ্রিলে সাত খুনের ঘটনায় র্যাব সদস্যদের ভাড়াটে খুনি হিসেবে কাজ করার তথ্য-প্রমাণ পাওয়ার পর বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ আছে, র্যাবের সদস্যরা ক্ষমতাসীন দলের এক নেতার হয়ে ওই কাজ করেন। র্যাব যে আসলে একটি ডেথ স্কোয়াড হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছে, এটি তার আরেকটি উদাহরণ।’
ব্রাড অ্যাডামস চিঠিতে বলেন, বাংলাদেশ সরকার র্যাব সংস্কারের মধ্য দিয়ে এ বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করে এলেও তা পূরণে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে। তিনি বলেন, ‘র্যাবকে এখন সংস্কার করে পরিচালনা করা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি না। আইনের ঊর্ধ্বে থেকে কোনো ধরনের জবাবদিহির তোয়াক্কা না করে র্যাবের কর্মকাণ্ড পরিচালনার একটি সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় এ বাহিনীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে, যাতে হত্যাকাণ্ড বন্ধ করা হয়।’
অ্যাডামসের চিঠিতে বলা হয়, দাপ্তরিকভাবে র্যাব জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়। তবে বাস্তবতা হলো, বাহিনীটি আসলে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর কর্মকর্তারা, যাঁরা সংস্থাটির প্রধানের সহকারী হিসেবে কাজ করেন। ব্যক্তিগতভাবে অনেক পুলিশ কর্মকর্তা বলেন, র্যাবের ভেতরে পুলিশের সদস্যরা সেনাবাহিনীর অধস্তন বলে বিবেচিত হন।
গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এইচআরডব্লিউর র্যাব বিলুপ্তির সুপারিশ প্রসঙ্গে জানান, সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছে, সরকার ওই চিঠির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে না।
এদিকে এইচআরডব্লিউর চিঠি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, র্যাব বিলুপ্ত করার কোনো প্রশ্নই আসে না । তিনি বলেন, ‘র্যাব উঠিয়ে দেব না রাখব, এটা আমাদের সরকারের বিষয়। সরকার যদি মনে করে উঠিয়ে দেওয়া উচিত তবে তা করবে। তবে আমি মনে করি, এমন কিছু ঘটেনি যে বাহিনীটি বিলুপ্ত করতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দু-একজন দুষ্কৃতকারীর জন্য একটি বাহিনী বিলুপ্ত করতে হবে, এমন কোনো কথা নেই। এই বাহিনীর মধ্যে যারা অপরাধ করেছে, তাদের হাতে আমরা হাতকড়া পরিয়েছি। সেনাবাহিনীর লোককেও ছাড়িনি।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বিলুপ্ত করার দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করেন। তিনি এই দাবি করার জন্য এইচআরডব্লিউর সমালোচনা করে বলেন, মানবাধিকারের চেয়ে সংস্থাটির রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে হয়। তিনি বলেন, র্যাবের সংস্কার অপরিহার্য কিন্তু একে বিলুপ্ত করতে হবে, এই উপসংহার টানা ঠিক নয়।