র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশ সার্বভৌমত্বে হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে কোন বাহিনী থাকবে, কোন বাহিনী বিলুপ্ত হবে। বিদেশি সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) র‌্যাব বিলুপ্ত করার দাবি জানাতে পারে না। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।গতকাল শনিবার নারায়ণগঞ্জ নগরের চাঁদমারীতে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে ‘মানবাধিকার কমিশন ও নাগরিক সমাজ: মানবাধিকার রক্ষায় একত্রে কাজ করার উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। মানবাধিকার আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। সংগঠনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি খলিলুর রহমান সভায় সভাপতিত্ব করেন।মিজানুর রহমান বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে অসংখ্য নিরীহ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। তাই বলে আমরা কি মার্কিন বাহিনী বিলুপ্ত করার দাবি জানাতে পারি?’এর আগে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘র‌্যাব বা অন্য কোনো বাহিনী থাকবে, না বিলুপ্ত করে দেওয়া হবে—এ সুপারিশ কোনো বিদেশি সংস্থা বা সংগঠন আমাদের করতে পারে না। তাদেরও জানা উচিত কত দূর পর্যন্ত তারা যেতে পারে, কী সুপারিশ তারা করতে পারে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উৎকণ্ঠা থাকতে পারে। সেই উৎকণ্ঠা ব্যক্তও করতে পারে। কিন্তু একটি বাহিনী থাকবে কি থাকবে না, সে ব্যাপারে একটি রাষ্ট্রকে তারা ওভাবে বলতে পারে না। আমার মনে হয় তারা মাত্রা অতিক্রম করেছে।’ তিনি বলেন, ‘র‌্যাবের কর্মপদ্ধতিতে সংস্কার আনা যেতে পারে। কিন্তু র‌্যাবকেই ভেঙে দিতে হবে—এ ধরনের সুপারিশ আমাদের কাছেও গ্রহণযোগ্য নয়। এটা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল।’এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘র‌্যাবের যে বিধিমালা আছে, যে কাজের জন্য র‌্যাবকে নিয়োজিত করা হয়েছিল—সেটার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে র‌্যাবকে কাজ করতে দেওয়া উচিত। এখন আমরা র‌্যাবের যে কাজকর্ম দেখছি, তারা তাদের কাজের বাইরে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা র‌্যাবকে পুরোপুরি নিষিদ্ধ বা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলিনি। আমরা বলেছি, র‌্যাবের বিধিমালা অনুযায়ী কাজ করতে হবে। র‌্যাব কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে। সেই কাজগুলো করে যেতে পারে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতানা কামাল আরও বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ তাদের পরামর্শ দিয়েছে। তারা তাদের ব্যাখ্যা দেবে।’ অন্যান্য প্রসঙ্গে: নারায়ণগঞ্জে ভূমিদস্যুদের দৌরাত্ম্যের কথা উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মতবিনিময় সভায় বলেন, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা দখল করে তারা হয়তো বঙ্গোপসাগরের বর্ধিত এলাকা দখলের প্রতিযোগিতায় নামবে। তিনি বলেন, ভূমিদস্যুদের অনেকেই এখন মিডিয়ার মালিক। এক ভূমিদস্যু আরেক ভূমিদস্যুর বিরুদ্ধে লড়াইয়ে যার যার মিডিয়া ব্যবহার করছেন। সুলতানা কামাল মতবিনিময় সভায় বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যারা জঙ্গিবাদ, মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত তাঁদের বেশির ভাগই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দালালি করেছে এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। দেশের সমাজনীতি, অর্থনীতি এখনো মৌলবাদের করালগ্রাস থেকে মুক্ত হতে পারেনি।’ নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে খুনের ঘটনা বেড়ে গেছে।