র্যাব সদস্য রুহুল আমিন আরও আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সদস্য ল্যান্স করপোরাল রুহুল আমিনকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল প্রথম আলোকে জানান, রুহুল আমিনকে আজ সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে হাজির করা হয়। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে র‌্যাব সদস্য রুহুল আমিনকে কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই দফায় আট দিন ও পাঁচ দিন করে মোট ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মামুনুর রশিদ মণ্ডল।

পাঁচ মাস পলাতক থাকার পর পবিত্র ঈদুল আজহার পরদিন ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি দল।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।