র্যাবকে সাবধান করলেন মিজানুর

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সাবধান করে দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের পুলিশের জবাবদিহি শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভস যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।
র্যাবের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘র্যাব সাবধান। আইন মানতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করতে পারবেন না।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আইন মানলে, আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণ—সবারই উপকার হয়। সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমিরও উপকার হয়।’
বর্তমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিয়ে আলোচনা করার সবচেয়ে উপযুক্ত সময় বলে মত দেন মিজানুর রহমান। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ এই অনুষ্ঠানে পুলিশের অনেক কর্মকর্তা এসেছেন। কিন্তু র্যাবের কাউকে দেখতে পাচ্ছি না।’
মিজানুর রহমান বলেন, র্যাবের এখন যে ভাবমূর্তি-সংকট, সে-কারণেই তাদের জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের কথা ও সুপারিশ শুনতে হবে। কিন্তু তারা যদি সামাজিক বিতর্ক থেকে দূরে থাকতে চায়, তাহলে সংকট আরও ঘনীভূত হবে। এমন প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করার জন্য র্যাবের নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের অনেক ক্ষমতা নেই বলে স্বীকার করেন মিজানুর রহমান। তবে তিনি বলেন, ‘তার পরও আমরা কাগুজে বাঘ নই।’
মিজানুর রহমান দাবি করেন, ‘আমরা র্যাবকে বিভিন্ন সময় যেসব সুপারিশ করেছিলাম, তারা যদি গুরুত্ব দিয়ে যেসব বিবেচনা করত, তাহলে আজকের ঘটনা ঘটত না।’
ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের পরিচালক মায়া দারুয়ালা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য জবাবদিহি অনেক জরুরি। এই জবাবদিহি মানে কারও দিকে আঙুল তোলা নয়। বরং সেই বাহিনীকে আরও শক্তিশালী করা।
মায়া দারুয়ালা বলেন, ক্ষমতায় থেকে কেউ পুলিশকে যা বলবে, আর পুলিশ তা করবে, তা হতে পারে না। প্রতিটি কাজ হওয়া উচিত আইন অনুযায়ী।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক বলেন, আজকে নারায়ণগঞ্জের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ। এই সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তি দেওয়ার সংস্কৃতির সমালোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নিয়েছেন। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত।