র্যাব হেফাজতে সেই দুই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা থেকে অপহূত হওয়া দুই শিক্ষক কামাল হোসেন ও আবু বক্কর সিদ্দিককে পাওয়া গেছে র‌্যাবের কাছে। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের সময় এই দুজনকে হাজির করা হয়।

এ সময় র‌্যাব দাবি করে, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যান থেকে জেএমবির নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকীবকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে কামাল ও আবু বক্কর জড়িত।

র‌্যাবের সংবাদ সম্মেলনে একই অভিযোগে আটক মো. সোহেল রানা, মোর্শেদ আলম, বছির উদ্দিন, ইলিয়াস আলীসহ আটজনকে হাজির করা হয়।
আজ প্রথম আলোর প্রিন্ট সংস্করণে এ-সম্পর্কিত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

এঁদের আটকের সময় ও স্থান সম্পর্কে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গত ২৩ ফেব্রুয়ারির পর থেকেই কামাল হোসেন ও আবু বক্কর সিদ্দিকসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পলাতক ছিলেন। তবে আটজনকে আটকের স্থান ও সময় সম্পর্কে কিছু জানা যায়নি।

র‌্যাব জানায়, জেএমবির নেতা হাফেজ মাহমুদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রত্যেকের ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কামাল হোসেন দলটির নেতৃত্বে ছিলেন। আটক কামাল ভালুকার পাঁচগাঁও গ্রামের জাগরণ টিউটোরিয়াল হোম কোচিং সেন্টারের মালিক।

গত সোমবার ভোরে উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে কামাল হোসেন ও আবু বকরকে অস্ত্রের মুখে ও হাতকড়া পরিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তাঁদের স্বজনেরা।
একই দিন রাতে পাশের পাঁচগাঁও গ্রামের বছির, মোর্শেদ ও সোহেল ঢাকা থেকে ভালুকা আসার পথে অপহূত হন।

এর আগে ২১ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকা থেকে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার কর্মকর্তা মো. ইলিয়াস উদ্দিনকে সাত-আটজন জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাঁর বাড়িও ভালুকার নামা মরচি গ্রামে। অপহরণের পর পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় পৃথক জিডি করা হয়।