র্যাব-১১-এর সব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার (মাঝে গোলািপ রঙের জামা) নেতৃত্বে তদন্ত কমিটি গতকাল শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ বন্দর থানার শান্তিবাগ এলাকা (লাশ উদ্ধারের স্থান) পরিদর্শন করে l ছবি: প্রথম আলো
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার (মাঝে গোলািপ রঙের জামা) নেতৃত্বে তদন্ত কমিটি গতকাল শীতলক্ষ্যা নদীর তীরে নারায়ণগঞ্জ বন্দর থানার শান্তিবাগ এলাকা (লাশ উদ্ধারের স্থান) পরিদর্শন করে l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর সব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এ জন্য কর্মকর্তাদের তালিকা নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তালিকা তৈরি করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে জানায়, ২৭ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালতে সাদা পোশাকে অস্ত্রসহ র‌্যাবের এক সদস্যকে আটক করেছিল নিহত নজরুলের লোকজন। পরে র‌্যাব পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই সদস্যের নাম ও পরিচয় পেয়েছেন। র‌্যাবে কর্মরত ওই লোকটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য বলে জানা গেছে। তাঁকে জিজ্ঞাসাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাব এবং নূর হোসেন ছাড়া আর কারও বিরুদ্ধে অভিযোগ আসেনি। কর্মকর্তারা মনে করেন, নূর হোসেনকে গ্রেপ্তার করা গেলেই অনেক তথ্য বের হয়ে আসবে। কিন্তু নূর হোসেন এখন আর দেশে নেই বলে মনে করেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় নূর হোসেন সীমান্ত অতিক্রম করে চলে গেছেন।’ তিনি বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না-র্যাব সদস্য হোক বা যেই হোক।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকে অকালীন ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
নূর হোসেন গ্রেপ্তার হলেই সব উত্তর মিলবে