র্যাবকে আইন মানতে হবে: মিজান

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ‘বাংলাদেশে পুলিশের জবাবদিহি জোরদার করা: চ্যালেঞ্জ ও কৌশল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন৷
জাতীয় মানবাধিকার কমিশন ও ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভস যৌথভাবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার এ সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে সাবেক বিচারপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মিজানুর রহমান বলেন, ‘আজ এই অনুষ্ঠানে পুলিশের অনেক কর্মকর্তা এসেছেন। কিন্তু র্যাবের কাউকে দেখতে পাচ্ছি না।’ তিনি বলেন, র্যাবের এখন যে ভাবমূর্তি-সংকট, সে কারণেই তাদের জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে কাজ করতে হবে, কমিশনের কথা ও সুপারিশ শুনতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা র্যাবকে বিভিন্ন সময়ে যেসব সুপারিশ করেছিলাম, তারা যদি গুরুত্ব দিয়ে সেসব বিবেচনা করত, তাহলে আজকের ঘটনা ঘটত না।’
মিজানুর রহমান সবাইকে আইন মানার তাগিদ দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবাই সাবধান। আইনের অন্যথা করবেন না। আইনকে অমান্য করবেন না। আইনের শাসনের প্রতি, মানবাধিকারের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকতে হবে।’
ভারতের কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের পরিচালক মায়া দারুওয়ালা বলেন, জবাবদিহি মানে কারও দোষ-ত্রুটি খোঁজা নয়। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদের জন্যই জবাবদিহি জরুরি।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক বলেন, নারায়ণগঞ্জের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তি দেওয়ার সংস্কৃতির সমালোচনা করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন। সেমিনারের বিভিন্ন অধিবেশনে আরও বক্তব্য দেন বিচারপতি আবদুল মতিন, আইনজীবী জেড আই খান পান্না, আইন ও শালিস কেন্দ্রের পরিচালক জন অসিত দাস প্রমুখ।