র্যাবকে দেওয়া পদক ফিরিয়ে নেবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ক্ষমতায় গেলে র‌্যাবকে দেওয়া স্বাধীনতা পদক খালেদা জিয়া ফিরিয়ে নেবেন কি না, এ প্রশ্ন তুলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সিলেটে সড়ক ও সেতু পরিদর্শন করে দুপুরে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এ প্রশ্ন করেন তিনি।

নারায়ণগঞ্জে সাত অপহরণ ও খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার খালেদা জিয়া র‌্যাব বিলুপ্ত করার দাবি জানান। এ প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, ‘দুই-একজনের জন্য গোটা একটা বাহিনীকে কী করে দায়ী করা যায়? আপনি (খালেদা) ক্ষমতায় গেলে কি র‌্যাবকে দেওয়া স্বাধীনতা পদক ফিরিয়ে নেবেন?’

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এটাই বিএনপির দেউলিয়াত্বের প্রমাণ।’ উল্টাপাল্টা কথাবার্তা না বলে এবং দেশকে অস্থিতিশীল করার রাজনীতি বন্ধ করে গঠনমূলক রাজনীতি করার জন্য বিএনপিকে আহ্বান জানান তিনি।

সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ের আগে সকালে মন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শন করেন। সিলেট বিভাগের দীর্ঘতম সেতুর ঝুঁকি নিয়ে আজ বুধবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে মন্ত্রী ওই সেতু এলাকা ঝটিকা পরিদর্শন করেন। সেতু এলাকায় গিয়ে প্রায় ১৫ মিনিট সেতুর ঝুঁকিপূর্ণ দিক খতিয়ে দেখেন তিনি। সেতু অভিভাবকহীন থাকা প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী স্থানীয় জনসাধারণকে বলেন, ‘সওজের সেতু প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে। সুতরাং এর কর্তৃপক্ষ সওজ। সেতুর অভিভাবক এখন আমিই। ঝুঁকি কাটাতে অচিরেই ত্রুটি সারানোর কাজ শুরু করা হবে।’
ভোলাগঞ্জ পাথর কোয়ারি পার্শ্ববর্তী ধলাই নদের উভয় তীরের মানুষের যাতায়াত সুবিধায় প্রায় ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও নয় দশমিক পাঁচ মিটার প্রস্থের এ সেতু ২০০৬ সালে উদ্বোধন করা হয়। চারদলীয় জোট সরকার আমলের শেষ দিকে সেতুর উদ্বোধন করেন প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। সেতুর নামকরণও হয় তাঁর নামে। সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘতম সেতু আট বছরের মাথায় সম্প্রতি সাতটি স্থানে ফাটল দেখা দেয়। ভেঙে পড়েছে সেতুর রেলিং।

সেতুর এ অবস্থার জন্য পাথরবাহী ট্রাক চলাচলকে দায়ী করলেও স্থানীয়রা জানান, উদ্বোধনের পর থেকেই সেতুর দেখভালের বিষয়টি যথাযথভাবে হয়নি। সংস্কারের জন্য এলাকাবাসী দাবি তুললে সেতুর কর্তৃপক্ষ কারা—এ নিয়েও স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। সওজ বলছে, সেতুর কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অপরদিকে এলজিইডির দাবি—সেতুর কর্তৃপক্ষ তারা নয়।