র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নেওয়ার আহ্বান সুরঞ্জিতের
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) পুলিশের অধীনে না রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনে আধুনিকায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে সাত খুন, গত বৃহস্পতিবার মতিঝিলে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা ও কুমিল্লায় ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাসহ কয়েকটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখন আর কিছু বলার নেই। দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমি বিব্রত।’ এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতেও র্যাবের মতো বাহিনী রয়েছে। এমনকি বিশ্বের অনেক দেশেও আছে। বর্তমানে অপরাধীদের হাতে হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে গেছে। তাই এ মুহূর্তে অপরাধী দমনে র্যাবের মতো একটি বাহিনী শুধু প্রয়োজনই নয়, তাদের শক্তিশালী, আধুনিক, সুশৃঙ্খল ও আরও কার্যকর করতে হবে।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যর্থ রাজনীতিবিদ’—বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে ইতিহাস বিকৃতি করছেন। তাঁর এই বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই।’ তিনি বলেন, দীর্ঘদিন লন্ডনে আছেন, মনস্তাত্ত্বিক চাপে ভুগছেন৷ এটা একধরনের বিকৃতি৷ তাই এসব কথা জবাব দেওয়ার দাবি রাখে না৷
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬০০ কোটি ডলারের যে চুক্তি হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি উল্লেখ করে সুরঞ্জিত বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে জাপানের এ সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।