র্যাবের অভিযান, 'হৃদ্রোগে' এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাবের অভিযান চলার সময় মাইনুদ্দিন ভূঁইয়া ওরফে বিপ্লব (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি গুলশানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকের ব্যবস্থাপক ছিলেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ ধরা পড়ার পর মাইনুদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে স্বজনদের অভিযোগ, মাইনুদ্দিন ইয়াবাসেবী ছিলেন না। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর মাথায় আঘাত এল কীভাবে?
র‌্যাবের দাবি, গতকাল রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব-৩-এর কাছে গোপন খবর আসে, ৫৪৫/১ পেয়ারাবাগে আলম নামের এক ব্যক্তির বাসায় ইয়াবার বেচাকেনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে র‌্যাব-৩-এর একটি দল আলমের টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে মাইনুদ্দিন ও জাকির নামের এক ব্যক্তি ইয়াবা সেবন করছিলেন। র‌্যাব ওই দুজনকে আটক করে। পরে র‌্যাব আলমকেও আটক করে। ওই বাসা থেকে ৬৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক হওয়ার পর মাইনুদ্দিন কাঁপতে থাকেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে মগবাজার ওয়্যারলেস গেটে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মাইনুদ্দিনের ভাই নেওয়াজউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁর ভাই হৃদ্রোগে ভুগছিলেন। তিনি ইয়াবা বা নেশাগ্রস্ত নন, রোজা-নামাজ করতেন। র‌্যাবের হাতে আটক হওয়ার পর ভয়ে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। তিনি বলেন, তাঁর ভাইয়ের মৃত্যু স্বাভাবিক হলে মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন কীভাবে এল? এটাকে একধরনের হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে র‌্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাইনুদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আটকের পর র্যা ব জানতে পারে, মাইনুদ্দিন হৃদ্রোগী। মাইনুদ্দিন ও আটক হওয়া ব্যক্তিরা ইয়াবায় আসক্ত। আর মাইনুদ্দিন পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন।
মাইনুদ্দিন সপরিবারে ৫৪০/১ পেয়ারাবাগে থাকতেন। তাঁর সাত বছরের একটি মেয়ে আছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে আজ মাইনুদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হওয়ার পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।