র্যাবের অভিযানে অশান্ত শ্রীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির সামনে ছাত্রলীগের নেতা আল আমিন। গাড়ির ভেতর থেকে গুলি করা হচ্ছে তাঁকে। গুলি লাগার পর গাড়ির ধাক্কায় নর্দমায় ছিটকে পড়েন তিনি । রোববার রাতে তিনি মারা যান। শ্রীপুরে গত শনিবার সংঘর্ষের সময় তোলা ছবি । সংগৃহীত
গাড়ির সামনে ছাত্রলীগের নেতা আল আমিন। গাড়ির ভেতর থেকে গুলি করা হচ্ছে তাঁকে। গুলি লাগার পর গাড়ির ধাক্কায় নর্দমায় ছিটকে পড়েন তিনি । রোববার রাতে তিনি মারা যান। শ্রীপুরে গত শনিবার সংঘর্ষের সময় তোলা ছবি । সংগৃহীত

ছেলের লাশ দেখে মা-বাবার আহাজারি। জানাজা পড়তে এসে কাঁদছেন প্রতিবেশীরাও। রাস্তায় পুলিশের গাড়ির টহল। ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ। গ্রেপ্তার-আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নেতা-কর্মী।
উপজেলা নির্বাচনের চার দিন আগে গতকাল সোমবার এই ছিল গাজীপুরের শ্রীপুরের পরিবেশ। ১৫ মার্চ এখানে নির্বাচন। অথচ নির্বাচনের আমেজ বলতে কিছু নেই, আছে শুধু কান্না আর অস্থিরতা। শনিবারের সংঘর্ষ-গুলিতে গুরুতর আহত আল আমিন রোববার রাতে মারা গেলে এলাকার পরিবেশ পাল্টে যায়। আল আমিন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সহ-সম্পাদক ও শ্রীপুর ডিগ্রি কলেজের ছাত্র।
এলাকার লোকজন বলছেন, গত শুক্রবার পর্যন্ত শ্রীপুরে নির্বাচনের পরিবেশ ছিল খুবই শান্তিপূর্ণ। কিন্তু ওই দিন দুপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনের পক্ষ নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জলিলকে ধরে নিয়ে যাওয়ার পর শুরু হয় সংকট।

গুলি লাগার পর গাড়ির ধাক্কায় নর্দমায় ছিটকে পড়েন
গুলি লাগার পর গাড়ির ধাক্কায় নর্দমায় ছিটকে পড়েন

আবদুল জলিল গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে তিনিই চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু জেলা অওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ সমর্থন দেন ইকবাল হোসেনকে। এরপর র‌্যাব তাঁকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলে। জলিল রাজি না হওয়ায় র‌্যাব তাঁকে ধরে নিয়ে গাড়িতে তোলে। খবর পেয়ে তাঁর অনুসারীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করলে র‌্যাব তাঁকে ছেড়ে দেয়।
এর প্রতিবাদে পরদিন শনিবারও বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এ সময় ইকবাল হোসেনের লোকজন গুলি চালায়। আর সেই গুলিতে নিহত হন আল আমিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিলকে র‌্যাবের ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে আমরা শনিবার বিক্ষোভ করছিলাম। হঠাৎ করেই দুটি গাড়ি নিয়ে সেখানে আসেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন। সামনের গাড়িতে তাঁর লোকজন এবং পেছনের গাড়িতে ছিলেন তিনি নিজেই। আল আমিন প্রথম গাড়ির সামনে দাঁড়ালে গাড়িটি (পাজেরো) তাঁকে ধাক্কা দেয়। এর পরই গাড়ির সামনে থেকে গুলি করা হয়। ওই গুলিটি আল আমিনের মাথায় লাগে। এরপর গাড়িটি তাঁকে ছেঁচড়ে নিয়ে একটি নর্দমায় ফেলে দেয়। আমি তাঁকে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাই। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় নিয়ে যাই। এরপর সব শেষ।’
বাড়ির পাশে উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছেলের লাশ দেখতে এসে আহাজারি করছিলেন আল আমিনের বৃদ্ধ মা হালিমা খাতুন। বারবার তিনি একটি কথাই বলছিলেন, ‘তোমরা আমার সোনার চানকে ফিরিয়ে আনো। আমি এখন কার লগে বইসা ভাত খামু, ক্যাডা আমার মুখে ভাত তুইলা দিব।’ কাঁদছিলেন আল আমিনের বাবা আবুল হোসেন এবং তাঁর ভাইবোনেরাও।

.
.

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির বলেন, ‘তৃণমূলের প্রার্থী আবদুল জলিলের পক্ষে আমরা সবাই কাজ করছিলাম। এ কারণে ইকবাল হোসেনের গাড়ি থেকে গুলি করে আল আমিনকে হত্যা করা হয়।’
শনিবারের ঘটনায় তোলা ছবিতে দেখা যায়, ঢাকা মেট্রো-ঘ ১১-১৬৭৪ নম্বরধারী পাজেরো জিপের সামনে প্রতিরোধ হয়ে দাঁড়ায় আল আমিন। এই গাড়ির পেছনে ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন। সামনের গাড়িতে ছিলেন তাঁরই লোকজন। সেই গাড়িতে বসা চেক গেঞ্জি পরা এক ব্যক্তি ভেতর থেকে গুলি চালান। সঙ্গে সঙ্গে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের নর্দমায় পড়েন আল আমিন। রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
যেভাবে যুক্ত হলো র‌্যাব: শ্রীপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ বলে পরিচিত। আর তেলিহাটি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আবদুল জলিল শ্রীপুর থানা আওয়ামী লীগের সদস্য। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের ছয়বারের সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রহমত আলীর সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, তৃণমূলের প্রার্থী নির্বাচন করার জন্য গত ৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ইকবাল হাজির হননি। ফলে জলিল ১০৪ ও সামছুল আলম ৯৩ ভোটে প্রার্থী নির্বাচিত হন।
সামছুল আলম গতকাল বলেন, তৃণমূলের ভোটেই জলিল নির্বাচিত হন এবং তাঁকে চেয়ারম্যান প্রার্থী করা হয়। কিন্তু ইকবাল তা মানেননি।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের জন্য শ্রীপুরের বরমী পাঠানটেক জামে মসজিদে গেলে র‌্যাব-১-এর সদস্যরা জলিলকে তুলে নিয়ে যান। এ খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর অনুসারীরা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন, কে বা কারা চেয়ারম্যান প্রার্থী জলিলকে ধরে দিয়ে গেছে। আপনারা যে যেখানে আছেন, মাওনা এলাকায় চলে আসেন। এরপর চারদিক থেকে শত শত লোক মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। কাঠ-বাঁশ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়।
সেদিনের ঘটনা সম্পর্কে আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে একজন আমাকে বলেন, র‌্যাব-১-এর সিইও স্যার আপনাকে দেখা করতে বলেছেন। তাঁরা আমাকে শিমুলতলীর র‌্যাব অফিসেও যেতে বলেন। এরপর শুক্রবার বরমী এলাকার মসজিদের সামনে র‌্যাব-১-এর কয়েকজন সদস্য এসে আমাকে একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলেন। এরপর তাঁরা কয়েকজন ক্রসফায়ারের গল্প বলতে শুরু করেন। কীভাবে তাঁরা গুলি করবেন, সেসব কথাও বলেন। তাঁরা বলেন, আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আমি তখন বলি, তৃণমূলের লোকজন আমাকে দাঁড় করিয়েছে। আমি তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এদিকে আমাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আমার এলাকার লোকজন রাস্তা অবরোধ করে। ফলে সন্ধ্যায় আমাকে ছেড়ে দিতে বাধ্য হয় র‌্যাব।’
জানতে চাইলে র‌্যাব-১-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, র‌্যাব-১-এর একটি দল সেখানে গিয়েছিল। তবে জলিলের চোখ বাঁধা হয়নি। কোনো ভয়ও দেখানো হয়নি। নির্বাচনের বিষয়ে কথা বলার জন্য তাঁকে সসম্মানে র‌্যাব-১-এর সদর দপ্তরে নেওয়া হচ্ছিল। তাঁর দুপুরের খাবারের জন্য বিরিয়ানির ব্যবস্থাও করা হয়েছিল।
এর আগে গত শুক্রবার র‌্যাব-১-এর পরিচালক কিসমত হায়াত প্রথম আলোকে বলেন, ‘জমিজমা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবদুল জলিলকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
যোগাযোগ করা হলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। জলিলকে আনার কোনো নির্দেশও র‌্যাব দেয়নি।
এসব বিষয়ে জানতে গতকাল ইকবাল হোসেনের মোবাইলে ফোন করা হলে বলা হয়, স্যার এখন ব্যস্ত আছেন। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে বলা হয়, স্যার পরে যোগাযোগ করবেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সেদিন অস্ত্রবাজি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা বাদে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার করেছে ২২ জনকে। নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, জলিলকে আটকের আগ পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো ছিল। কিন্তু এখন অশান্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।