অল্প সময়ে লাখোপতি হওয়ার স্বপ্ন, প্রলোভন ও ভয়ভীতির কথা বলা হয় মুঠোফোনে
র্যাবের অভিযানে কথিত জিনের বাদশা গ্রেপ্তার
বজলুর রহমান। পেশায় ব্যবসায়ী। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে তাঁর বাড়ি। ৪ জুলাই রাত ১২টার দিকে তাঁর মুঠোফোনটি বেজে ওঠে। তিনি যথারীতি মুঠোফোন ধরেন। অপরপ্রান্ত থেকে ভয়ংকর কণ্ঠে হাদিস ও কোরআনের কথা ভেসে আসে। এরপর আসে অল্প সময়ে লাখোপতি হওয়ার স্বপ্ন, প্রলোভন ও ভয়ভীতির কথা। এসবের জন্য টাকা দিতে হবে। তিনি প্রথমে ঘাবড়ে যান। তবে সামনে বিপদ আসবে ভেবে তিনি টাকা দিতে রাজি হন। কথা অনুযায়ী তিনি ৭ জুলাই কুষ্টিয়া জিয়া পার্কে জিনের বাদশার হাতে ১৩ হাজার টাকা দেন। এর বিনিময়ে কথিত ওই জিনের বাদশা তাঁকে একটি মূর্তি দেন। বজলুর রহমান জিনের বাদশার কথা অনুযায়ী বাড়িতে গিয়ে মূর্তিটি মাটির নিচে পুঁতে রাখেন। আড়াই দিন পর আবার বজলুর রহমানকে ফোন করে জিনের বাদশা বলেন, ‘এ বাবা আমরা পবিত্র মাজার শরিফ থেকে বলছি, আল্লাহতালার অশেষ মেহেরবাণী ও ফজিলতে তাঁর অফুরন্ত ভান্ডার থেকে তোর নামে একটি স্বর্ণের পুতুল বরাদ্দ হয়েছে। আমরা হুকুমের গোলাম, আল্লাহর হুকুমে তোকে প্রদান করব। বাবা এই সম্পদ যদি না গ্রহণ করিস তাহলে তোর ভয়ানক ক্ষতি হবে এমনকি মৃত্যুও হতে পারে। তবে বাবা এই সম্পদ ভোগ করতে হলে পাঁচটি শর্ত আছে। শর্তগুলো হলো: পাঁচ ওয়াক্ত নামাজ-কালাম পড়তে হবে, পবিত্র মাজার শরিফ জিয়ারত করতে হবে, সম্পদটি হালাল পথে খরচ করতে হবে, সম্পদপ্রাপ্তির কথা কাউকে বলা যাবে না আর মানবজাতির সেবা করতে হবে। আল্লাহর আরস থেকে আরও সাতটি হাঁড়ি সম্পদ বরাদ্দ হয়েছে। এই সম্পদ নিতে হলে তোকে বাবা স্বর্ণ দান করতে হবে। প্রতিটি হাঁড়ির মূল্য আট হাজার ৫৭১ টাকা। মোট ৬০ হাজার টাকা দিতে হবে।’ বজলুর রহমান পর্যায়ক্রমে জিনের বাদশাকে ৬০ হাজার টাকা, দুটি সোনার চেইন ও একটি ঝুমকা দেন। শুক্রবার একইভাবে ফোন করে আরও টাকা দাবি করলে সন্দেহ জাগে বজলুর রহমানের। তিনি বিষয়টি কুষ্টিয়া র্যাব ক্যাম্পে গিয়ে জানান।ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জিয়া পার্কে অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্দুইল গ্রামের মো. সাফিরুল ইসলাম (২৫), সমসপাড়া গ্রামের আলম মিয়া (২৫) ও গোন্দববাড়ি গ্রামের রাজু মিয়া (৩০) এবং বগুড়ার ঝোপগাড়ী গ্রামের মো. তুহিন (২০)। এ সময় তাঁদের কাছে থাকা দুটি নকল মূর্তি, দুটি সোনার চেইন, একটি সোনার ঝুমকা দুল, একটি ল্যাপটপ ও প্রায় ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।