নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে দুই শিশু জাহিদুল ইসলাম (১৩) ও সাকিন আলমকে (৯) অপহরণের পরে হত্যার অভিযোগে গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পারভেজ হোসেন (২১), শাহ আলী (২২) ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন (৩০)। নিহত জাহিদুল ইসলামের সৎভাই গ্রেপ্তার হওয়া পারভেজ।
জাহিদুল কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ও সাকিন তৃতীয় শ্রেণীর ছাত্র। গত ২১ জানুয়ারি দুপুরে স্কুল থেকে এই দুজন নিখোঁজ হয়। এরপর ২২ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর বারগাঁও বেড়িবাঁধের ওপর প্লাস্টিকের বস্তার ভেতরে জাহিদুলের গলাকাটা লাশ ও একটি মুঠোফোন পাওয়া যায়। এর চার দিন পরে ২৬ জানুয়ারি বেড়িবাঁধের অপর পারে প্লাস্টিকের বস্তার ভেতরে সাকিনের ভাসমান লাশ পাওয়া যায়।
র্যাবের ভাষ্য, পারভেজ এ ঘটনার মূল পরিকল্পনাকারী। শাহ আলী হত্যার সময় তাঁকে সাহায্য করেছেন। আর শাহ আলীর ভাই জাহাঙ্গীর তাঁকে লুকিয়ে থাকতে সাহায্য করেছেন।
র্যাব জানায়, একই সঙ্গে ব্যক্তিগত বিরোধের প্রতিশোধ ও টাকা আয়ের জন্য পারভেজ এ কাজটি করেছেন। সাকিনের বাবা শামসুল আলমের বাড়িতে ভাড়া থাকেন পারভেজের সৎ পিতা রহমত আলী। শামসুল আলমের মোটর গ্যারেজ রয়েছে। তিনি পারভেজকে সেখানে কাজ দেন। কিন্তু কিছুদিন পরেই বেতন নিয়ে বনিবনা না হওয়ায় তিনি আবার সৎ পিতার ভাড়াবাড়িতে চলে আসেন। সেখানে আবার বাড়ির মালিকের সঙ্গে ব্যক্তিগত বিরোধ তৈরি হয়। এর পরে তিনি সাকিনকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার আগে হত্যাকাণ্ডস্থল কাঁচপুর বেড়িবাঁধ এলাকায় দুটি প্লাস্টিকের বস্তা আর একটি ছুরি লুকিয়ে রেখে আসেন।
২১ জানুয়ারি দুপুরে জাহিদুলের মাধ্যমে সাকিনকে স্কুল থেকে ডেকে আনেন পারভেজ। পারভেজ এবং শাহ আলী শিশু দুটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। বিভিন্ন ধরনের খাবার ও পানীয় কিনে দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা বেড়িবাঁধের দিকে রওনা দেন। শিশু সাকিন ক্লান্ত হয়ে পারভেজের কোলেই ঘুমিয়ে পড়ে। সোয়া আটটার দিকে বেড়িবাঁধের পূর্বনির্ধারিত স্থানে এসে জাহিদুলকে বাঁধের ওপরে রেখে সাকিনকে ঘুমন্ত অবস্থায় ঢালে নিয়ে যান পারভেজ। বালুর ওপর রেখে ঘুমন্ত শিশুটিকে হত্যা করেন পারভেজ ও শাহ আলী। এরপর মৃতদেহ প্লাস্টিকের বস্তায় ভরে ভেতরে ইট দিয়ে পানিতে ফেলে দেন। এর পরে তাঁরা জাহিদুলের কাছে এসে তাকে নিয়ে কথা বলতে বলতে ঢালে যান। সৎভাইকে মারতে গিয়ে বিচলিত হয়ে পড়েন পারভেজ। তখন শাহ আলী জাহিদুলকে জবাই করেন। এর পরে জাহিদুলের মুঠোফোন ও পকেটে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে নেন তাঁরা। শিশু দুটিকে হত্যার পরে তাঁরা দুই শিশুর বাবার কাছেই মুঠোফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। হত্যার পরে ওই দুজনকে লুকিয়ে থাকতে সাহায্য করেন জাহাঙ্গীর।
হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব।
সেখানে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, অপহরণের পরদিন শিশু দুটির পরিবারের পক্ষ থেকে র্যাব-১১তে অভিযোগ দেওয়া হলে র্যাব সদস্যরা শিশু দুটিকে উদ্ধারের তৎপরতা শুরু করেন। অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করলে ১৫ লাখ টাকা দিতে পরিবার দুটি রাজি হয়। মুক্তিপণ নিয়ে দর-কষাকষির একপর্যায়ে ঘটনার পরদিনই শিশু জাহিদুলের লাশ পাওয়া যায়। এর পরে তিনি বলেন, টাকার জন্য শিশু দুটিকে অপহরণ করা হলেও জিম্মি শিশু দুটিকে রাখা নিয়ে ঝামেলা হতে পারে ভেবে তাদের হত্যা করা হয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে সাকিনের বাবা শামসুল আলম ও জাহিদুলের বাবা রহমত আলী উপস্থিত ছিলেন। ছেলের হত্যাকারীদের দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
র্যাব জানিয়েছে, গতকাল মেঘনাঘাট এলাকা থেকে শাহ আলী ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যমতে পারভেজকে কাঁচপুরের সেনপাড়া বস্তি থেকে ধরা হয়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অন্তত সাত দিন আগে এ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।