র্যাবের অভিযানে চার ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গুলিবিদ্ধ হয়ে চার ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বাগেরহাটের শরণখোলা থানায় র্যাব এ মামলা করে।র্যাবের ভাষ্যমতে, গত বুধবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বড় শেলার খাল এলাকায় অভিযানের সময় বন্দুকযুদ্ধে ওই চারজন নিহত হন।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) গাজী মোহাম্মদ ইকবাল জানান, বৃহস্পতিবার এই চারজনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। মামলার এজাহারে উল্লেখ করা পরিচয় অনুযায়ী নিহত ব্যক্তিরা হলেন: সুন্দরবনের বনদস্যু জুলফু বাহিনীর প্রধান জুলফিকার আলী মাতুব্বর (৩৫), হাফিজুর রহমান ওরফে হাফিজ (৪৮), সানো বাহিনীর প্রধান এখলাছুর রহমান ঢালি ওরফে সানো (২৮) এবং মাঈনুদ্দিন মাঝি ওরফে মেঘনা জাকির (৪১)। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে জুলফিকার আলী ও হাফিজুরের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুজনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে বাগেরহাট সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।