র্যাবের অভিযানে পুলিশ আটক, হাতাহাতি
পাচার করা ডলার আত্মসাৎ ও পাচারকারীকে অপহরণ করার ঘটনা নিয়ে সাভার থানার পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও তাঁর সোর্সের সঙ্গে র্যাবের হাতাহাতি হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে সাভার বাজারের ভেতরে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর র্যাব সদস্যরা সহকারী উপপরিদর্শক (এএসআই) ও মির্জাপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছেন। পাচার হওয়া ডলার জব্দ করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, তাদের কাছে তথ্য ছিল যে সংঘবদ্ধ একটি চক্র ডলার ও স্বর্ণ পাচার করছে। আর আরেকটি দল র্যাব-পুলিশের ভয় দেখিয়ে সেই স্বর্ণ ও ডলার কেড়ে নিচ্ছে। এর সঙ্গে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর বর্তমান ও সাবেক সদস্যরাও জড়িত আছেন। ১৪ ফেব্রুয়ারি র্যাবের সদস্যরা জানতে পারেন যশোর থেকে ঈগল পরিবহনে করে খোকন ও সামছুল মির্জাপুর থানার বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুরের একটি ডলারের চালান নিয়ে ঢাকায় আসবেন। আর চক্রের সদস্যরা প্রতিপক্ষ আরেকটি চক্র দিয়ে সেই ডলার ছিনতাই করে নিয়ে যাবেন।
র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, র্যাবের সদস্যরা শুক্রবার রাতে সাভার বাজারে ওত পেতে বসে থাকেন। তাঁরা রাতে দেখতে পান সামছুল ও খোকন সাভার বাজারে নেমে আশুলিয়া যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা সাভার বাজারের সিটি সেন্টারের কাছ থেকে একটি বাসে উঠতে গেলে আরেকটি চক্রের সদস্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রেজাউল এবং সাভার থানার এএসআই ফাজিকুলসহ কয়েকজন সামছুলকে জোর করে নামিয়ে আনেন। তাঁদের একজন কথিত ডলারের প্যাকেটটি কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়েন।
ঠিক এ সময় র্যাবের দলটি তাদের ঘেরাও করে ফেললে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে এএসআই ফাজিকুল ইসলাম (৩৫), অবসরপ্রাপ্ত সৈনিক রেজাউল হক (৪০), মো. সুজন শেখ (২৫), মিরান খান (৩৫) ও সামছুল হককে (৫৮) আটক করেন। তাঁদের কাছ পুলিশের তিনটি হাতকড়া পাওয়া যায়। এএসআইয়ের কাছে সরকারি অস্ত্রটিও ছিল। সেটিও জব্দ করা হয়। পরে আটক করা লোকদের জিজ্ঞাসাবাদ করে আশুলিয়া থেকে চক্রের মূল হোতা সবুর চেয়ারম্যানকে আটক করা হয়।
আটক করা ছয়জনকে গতকাল দুপুরে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এএসআই ফাজিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন করেন। শুক্রবার তাঁর কোনো দায়িত্ব ছিল না। শনিবারের দায়িত্বের কথা জানানোর জন্য শুক্রবার রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল করে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাঁর বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাঁর হদিস করতে না পেরে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে র্যাব জানায়, ওই রাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে অভিযান চালাতে গেলে ঘটনাস্থল থেকে আট কিলোমিটার দূরে র্যাবের ক্যাপ্টেন নাহিদ গুরুতর আহত হন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
তবে নাহিদ আহত হওয়ার ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাওয়ার পথে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন নাহিদ আমিনবাজারের অদূরে ভাকুর্তা সেতুর কাছে একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে আহত হন। আহত অবস্থায় তাঁকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের অভিযানের সঙ্গে এই সেনা কর্মকর্তার আহত হওয়ার কোনো সম্পৃক্ততা নেই।