র্যাবের অভিযানে পুলিশ ও সাবেক সেনাসহ গ্রেপ্তার ৬
স্বর্ণ ও ডলার চোরাচালান এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রেজাউল হক, সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফাজিকুল ইসলাম, মিরান খান, শামসুল হক, সুজন শেখ ও সবুর চেয়ারম্যান।
এঁদের মধ্যে প্রথম পাঁচজনকে গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে আজ শনিবার দুপুরে আশুলিয়া থেকে টাঙ্গাইলের মির্জাপুর থানার বহরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বর্ণ ও ডলার চোরাচালান এবং চোরাচালানকারীদের অপহরণের সঙ্গে জড়িত।
র্যাব-৪-এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সাভারে অভিযান চালানোর সময় র্যাবের সঙ্গে চোরাচালান চক্রের সদস্যদের মারামারি হয়। এতে র্যাবের ক্যাপ্টেন নাহিদ আহত হন। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এদিকে বেলা সাড়ে তিনটায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানান, সবুর চেয়ারম্যানের জন্য সাতক্ষীরা থেকে ডলার ও স্বর্ণ বহন করে নিয়ে আসছিল শামসুল হক। এএসআই ফাজিকুলের নেতৃত্ব রেজাউল, সুজন ও মিরান সাভার বাসস্ট্যান্ডের স্মৃতি শপিং সেন্টারের সামনে থেকে শামসুল হককে অপহরণের চেষ্টা করে। তখনই র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে।