র্যাবের অভিযানে লক্ষ্মীপুরে নিহত ১
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর জামিরতলী এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে র্যাবের অভিযানে আসাদুজ্জামান ওরফে বাবুল নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ারের দাবি, নিহত বাবুল (৪৮) ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বাবুলের স্ত্রী আমিনের নেছা জানান, রাত ১১টার দিকে তাঁর স্বামী বাবুল ভাত খাচ্ছিলেন। এ সময় কালো পোশাকে র্যাবের কয়েকজন সদস্য তাঁদের ঘরে ঢুকে বাবুলকে গুলি করে হত্যা করে ও লাশ নিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, রাত ১১টার দিকে তাঁরা গুলির শব্দ শোনেন। এ সময় গ্রামবাসী ডাকাত ডাকাত বলে এগিয়ে এলে র্যাবের সদস্যরা মাইকে তাঁদের সরে যেতে বলেন। পরে র্যাব ১৫-২০টি গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাবুল নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত চলছে।
লক্ষ্মীপুরে র্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা শাহরিয়ার জানান, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।