র্যাবের অভিযানের সংবাদের প্রতিবাদ ইউপিডিএফের
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে র্যাবের অভিযানে একজন আদিবাসী নিহত ও একজন গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।ইউপিডিএফ-সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা গতকাল বেলা তিনটার দিকে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে প্রথম আলো ও ইত্তেফাক পত্রিকার দুটি কপি পোড়ান তাঁরা।এদিকে গতকাল ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, প্রথম আলো ও ইত্তেফাক প্রকৃত ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে। প্রথম আলোর প্রকাশিত খবরে ‘সন্ত্রাসী’ দলের মূল হোতা অনিল চাকমাকে জনসংহতি সমিতির (জেএসএস) লক্ষ্মীছড়ি থানা শাখার আহ্বায়ক হিসেবে উল্লেখ করে তাঁর বক্তব্য হুবহু ছাপিয়ে দেওয়া হয়েছে, যা সন্ত্রাসীদের রক্ষা করারই শামিল।ইউপিডিএফের ওই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে তার প্রতিবাদ জানিয়েছেন জেএসএসের নেতা অনিল চাকমা। অনিল বলেন, তিনি কোনো সন্ত্রাসী নন। ইউপিডিএফের সদস্যরা পার্বত্য অঞ্চলে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর নীতিমালা অনুযায়ী, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁর বক্তব্য নেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে লক্ষ্মীছড়িতে র্যাবের অভিযানে একজন নিহত ও একজন গ্রেপ্তার হওয়ার পর নিহত ব্যক্তির পরিবার, একজন জনপ্রতিনিধি, অভিযান চালানো র্যাবের সদস্য এবং স্থানীয় জেএসএসের নেতা অনিল চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা আপ্রুসি মারমার বক্তব্য ছাপা হয়েছে। এখানে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করা হয়নি।