র্যাবের অভিযুক্ত সদস্যদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের অভিযুক্ত তিন কর্মকর্তার চাকরিচ্যুতি নয়, যথাযথ তদন্ত করে তাঁদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণ-অবস্থান কর্মসূচিতে এ দাবি জানায় সংগঠনটি।
সারা দেশে অপহরণ, গুম, খুনের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে প্রতিটি ক্রসফায়ার ও গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করা হয়।
বক্তারা বলেন, র‌্যাব-পুলিশসহ বিভিন্ন সংস্থা যেভাবে সাদা পোশাকে মানুষকে ‘তুলে নিয়ে’ যাচ্ছে বা গ্রেপ্তার করে আসছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। গত কয়েক বছরে অজস্র মানুষ অপহূত হয়ে নিখোঁজ রয়েছেন। কোনো ঘটনারই তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হয়নি।
গণসংহতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত গণ-অবস্থান কর্মসূচি পালনের লক্ষ্যে প্রেসক্লাবের সামনে বসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অধ্যাপক আহমেদ কামাল, সাইফুল হক, আবদুস সাত্তার, মোশরেফা মিশু, অরূপ রাহী প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।