নওগাঁর রানীনগর উপজেলার একটি ক্লাবঘর থেকে গত বুধবার জুয়াখেলার সময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেন। পরে ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে জেলা শহরে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিচার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, শহরের জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে বুধবার রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতের বিচারক ছিলেন রানীনগর উপজেলা ভূমি কর্মকর্তা (এসি-ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর উদ্দিন আল ফারুক। বিচারক এদিন জুয়াখেলার অপরাধে রানীনগরের বিভিন্ন গ্রামের ২৫ ব্যক্তিকে সাজা দেন। এর মধ্যে কুজাইল গ্রামের আবুল হাসেন খানের ছেলে ওয়ারেস খানকে (২৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করা হয়। অন্যদের ভ্রাম্যমাণ আদালত আইন/২০০৯-এর ৭(২) ধারায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের ওই রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। ঘটনা সম্পর্কে র্যাব-৫-এর বাগমারা ক্যাম্প কমান্ডার এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, বুধবার বিকেলে রানীনগরের কুজাইল বাজারসংলগ্ন জাগরণী সংঘ নামের একটি ক্লাবঘরে অভিযান চালান তাঁরা। এ সময় জুয়া খেলতে থাকা ওই ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুকের নেতৃত্বে কুজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিচার করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক মাস বিনাশ্রম কারাদণ্ড পাওয়া দিলবর হোসেনের ছেলে জুয়েল হোসেন, স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান ও বেদারুল ইসলামসহ আরও অনেকে জানান, কুজাইল বাজারে ওইদিন ভ্রাম্যমাণ আদালত কোনো অভিযানই চালাননি। বরং র্যাব সদস্যরাই জাগরণী সংঘ থেকে ওই ব্যক্তিদের আটক করেন। পরে আটক করা সবাইকে র্যাবের গাড়িসহ কয়েকটি ভটভটিতে তুলে প্রথমে রানীনগর উপজেলা সদরের ভূমি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই সময় সেখানে বিদ্যুৎ না থাকায় আদালতের কার্যক্রম পরিচালনা করা হয় নওগাঁ শহরের ডাকবাংলো প্রাঙ্গণে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারুক অবশ্য দাবি করেন, কুজাইল বাজারেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু সন্ধ্যা নেমে আসায় এবং সেসঙ্গে বিদ্যুৎ না থাকা ও আদালতের কিছু কাগজপত্রে সংকট থাকায় আসামিদের শহরের ডাকবাংলো প্রাঙ্গণে এনে বিচার সম্পন্ন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন/২০০৯ তৈরিই হয়েছে বিশেষ একটি উদ্দেশ্যকে সামনে রেখে এবং তাৎক্ষণিকভাবে বিচার পরিচালনার উদ্দেশ্যে। ওই আইনে পরিষ্কার বলা আছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। সেখানে যেসব আসামিকে গ্রেপ্তার করা হবে, ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেট তাঁদের বিচার করবেন। অন্য কোনো সংস্থা কাউকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিল তা হবে ওই আইনের লঙ্ঘন।