বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, র্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। এই বাহিনী গুম-খুনে জড়িয়ে পড়েছে। এ কারণে এই বাহিনীর আর প্রয়োজন নেই। এটা সাধারণ মানুষেরও দাবি। তিনি বলেন, যে উদ্দেশে র্যাব গঠন করা হয়েছিল, তা এখন পদে পদে লঙ্ঘিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষের বিরুদ্ধে র্যাবের অবস্থান দাঁড়িয়ে গেছে।

গতকাল রোববার ঢাকা মহানগর বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের (সুমন) শাহীনবাগের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেছেন খালেদা জিয়া৷ এ সময় ওই বাসায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিখোঁজ আরও সাত নেতা-কর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, গুম-খুন এখন অহরহ ঘটছে। তিনি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, ‘আমি সরকারের কাছে গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, সরকারের উচিত যাঁরা এখনো গুম হয়ে আছেন, তাঁদের সবাইকে ফিরিয়ে দিতে র্যাবকে নির্দেশ দেওয়া।
খালেদা জিয়া গতকাল সন্ধয় নিখোঁজ সাজেদুলের নাখালপাড়ার শাহীনবাগের বাসায় পৌঁছান। নিখোঁজ অপর সাতজনের পরিবারের সদস্যরাও এ বাসায় আসেন। গত ৪ ডিসেম্বর র্যাব-১-এর সদস্যরা এই আটজনকে ঢাকার বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে যায় বলে তাঁদের স্বজনেরা খালেদা জিয়ার কাছে অভিযোগ করেন৷ এ সময় সাজেদুলের মা খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তখন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আর কত মায়ের বুক খালি হবে?’
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্যসচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার আই-ব্লক থেকে বিএনপির ঢাকা মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, তাঁর খালাতো ভাই জাহিদুল করিম (তানভীর), পূর্ব নাখালপাড়ার বাসিন্দা আবদুল কাদের ভূঁইয়া, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম, মুগদার আসাদুজ্জামান ও উত্তর বাড্ডার আল আমিনকে র্যাব তুলে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর রাত দুইটার দিকে শাহীনবাগের বাসা থেকে নিয়ে যাওয়া হয় এ এম আদনান চৌধুরী ও কাওসারকে।
প্রসঙ্গত, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠিত হয়৷