র্যাবের আরও এক সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাবের সদস্য আরিফ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
এদিকে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম মাহফুজুল হক নুরুজ্জামানের বক্তব্য নিয়েছে। তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার সচিবালয়ের কক্ষে গতকাল ডিআইজির বক্তব্য নেওয়া হয়। পরে ডিআইজি নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই ঘটনার বিষয়ে তিনি যতটুকু জানেন তা কমিটিকে বলেছেন।
তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী বলেন, ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল কি না, কারা জড়িত থাকতে পারে, তা ডিআইজির কাছে জানতে চাওয়া হয়। ৯ সেপ্টেম্বর আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হতে পারে।
এর আগে র‌্যাব-১১-এর শীর্ষ তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানা ছাড়াও প্রধান আসামি নূর হোসেনের সহযোগী চার্চিল ও আলী মোহাম্মদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে জবানবন্দি দেন নয়জন। তাঁদের মধ্যে র‌্যাব সদস্য ছয়জন।
মামলা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার দেওয়া র‌্যাবের তিনজনের জবানবন্দির সঙ্গে আরিফ হোসেনের দেওয়া জবানবন্দির মিল রয়েছে। জবানবন্দিতে আরিফ বলেছেন, অপহরণের নেতৃত্বে ছিলেন এম এম রানা। নূর হোসেনে সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখেছিলেন মেজর আরিফ। তারেক সাঈদ দিকনির্দেশনা দেন। সাতজনকে হত্যা ও লাশ নদীতে ফেলার সময় তিন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ। এ ঘটনায় নজরুলেরর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় পৃথক হত্যা মামলা করেন।
নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ: আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় গ্রেপ্তার হওয়া সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। অনুপ্রবেশের ঘটনায় গত ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। নূর হোসেন এখন দুই সঙ্গীসহ দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।