র্যাবের আরও দুই কর্মকর্তার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে র‌্যাব-১১ এর আরও দুই কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন র্যাব-১১-এর মেজর মো. সুরুজ মিয়া এবং উপপরিদর্শক (এসআই) পলাশ গোলদার।

আজ সোমবার বিকেলে মো. সুরুজ মিয়া নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে এবং এসআই পলাশ গোলদার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে পৃথক দুটি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন এবং এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষী হিসেবে র‌্যাব-১১-এর দুই কর্মকর্তা মেজর মো. সুরুজ মিয়া এবং এসআই পলাশ গোলদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই সাতজনকে অপহরণকারী দলের সদস্য ছিলেন মেজর সুরুজ ও এসআই পলাশ গোলদার। তাঁরা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং এর পরদিন আরও একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। অন্যদিকে চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় পৃথক একটি মামলা করেন।
এই ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন এবং এম এম রানা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। র্যাব-১১-এর চার সদস্য সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।