র্যাবের আরও পাঁচজন গ্রেপ্তার, ৮ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাঁদের পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে হাজির করা হয়। তাঁদের প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার পাঁচজন হলেন হাবিলদার মো. এমদাদুল হক, আরও জি-১ মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, মো. বেলাল হোসেন ও সিপাহি আবু তৈয়ব।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ এই পাঁচজনের ১০ দিন করে রিমান্ড আবেদন জানান। আদালত তাঁদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা  তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানা গ্রেপ্তারের পর কারাগারে আছেন। এ ঘটনায় র‌্যাবের এই তিন কর্মকর্তাসহ নয়জন অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতির দাবি, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক, আরিফ ও রানা গ্রেপ্তার এই পাঁচজনকে প্রকাশ্যে সাতজনকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করতে বাধ্য করেছেন। র‌্যাবের গ্রেপ্তার সদস্যরা ঘটনার বর্ণনা করতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই মামলার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁরা বের হয়ে আসবেন। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে।’