র্যাবের আরিফকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর (অব.) এম আরিফুর রহমানকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে।
কমিটির প্রধান অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কারা সূত্র জানায়, গতকাল বেলা একটা থেকে পৌনে এক ঘণ্টা আরিফকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। কমিটি পর‌্যায়ক্রমে একই ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাব-১১-এর সাবেক অপর দুই কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করবে।
হাইকোর্টের নির্দেশে গত ৬ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কমিটি ১২ মে থেকে কয়েক দফায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের রেস্ট হাউসে গণশুনানি করে। এ ছাড়া কমিটি ওই সাতজনের লাশ উদ্ধারের স্থান, নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করে।
ইতিমধ্যে র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক মোহাম্মদ সাঈদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নারায়ণঞ্জের আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের তিনজনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।