নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় র্যাবের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে র্যাব-১১-এর আদমজীর প্রধান কার্যালয় থেকে আসাদুজ্জামান নূর নামে ওই র্যাব সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসাদুজ্জামান নূর সেনাবাহিনী থেকে এসে র্যাব-১১তে কর্মরত ছিলেন। বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জোত সাতনালা গ্রামে। এ পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের ১৭ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৬ জন র্যাব সদস্যসহ মোট ১৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। র্যাবের নয় সদস্যসহ মোট ১৬ জন আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মন্ডল বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া র্যাব সদস্যরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাতে অপহরণ এবং হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আসাদুজ্জামানের নাম এসেছে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোড থেকে নজরুল ইসলাম, চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। আর চন্দন সরকারের বড় জামাতা বিজয় কুমার পাল অপর একটি মামলা করেন।