র্যাবের কর্নেল জিয়াকে তদন্ত কমিটির চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ওই তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে কর্নেল জিয়াউলকে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, ‘তারা (তদন্ত কমিটি) যেসব বিষয় জানার প্রয়োজন মনে করেছে, সেসব প্রশ্নই করেছে এবং উত্তর দিয়েছি, জানিয়েছি।’ ওই ঘটনায় গণমাধ্যমে তাঁর নাম আসার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলেননি। তদন্ত কমিটি কী জানতে চেয়েছে—এ প্রশ্নেও তিনি কিছু বলেননি।
এরপর তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাবের তিনজন কর্মকর্তা প্রেপ্তার হয়েছেন। স্বাভাবিকভাবেই উনারা (র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা) এ ঘটনার বিষয়ে জানেন কি না, তা জানার জন্য বক্তব্য নেওয়া হয়েছে। র্যাবের অপারেশনাল হেড হিসেবে তাঁর (জিয়াউল আহসান) বক্তব্য নিয়ে রেকর্ড করা হয়েছে। এই বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কর্নেল জিয়াউলের কাছে কী কী জানতে চাওয়া হয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে শাহজাহান আলী মোল্লা বলেন, তদন্তের স্বার্থে তা এখনই বলা যাবে না। সময়মতো জানতে পারবেন। তিনি জানান, তদন্ত কমিটি এ পর্যন্ত সাড়ে তিন শ ব্যক্তির বক্তব্য নিয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, এ বিষয়ে সময়মতো জানতে পারবেন।
কর্নেল জিয়াকে জিজ্ঞাসাবাদের সময়ে সাংসদ শামীম ওসমানও সচিবালয়ের ভেতরে ছিলেন। তখন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্নেল জিয়া তদন্ত কমিটিকে বলেছেন, এ খুনের সঙ্গে র্যাবের তিন কর্মকর্তা জড়িত ছিলেন, এ খবর তাঁরা গত ২৭ এপ্রিল দিবাগত গভীর রাতেই জানেন। এরপর ওই তিন কর্মকর্তাকে র্যাব সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা সব ঘটনা স্বীকার করেন। তিনি তদন্ত কমিটিকে বলেছেন, মেজর (অব.) আরিফ হোসেনের সঙ্গে নূর হোসেনের গভীর সম্পর্ক ছিল। তিনি নিয়মিত নূর হোসেনের কাছ থেকে বখরা নিতেন, প্রায়ই নূর হোসেনের বাড়িতে যেতেন। নূর হোসেনের কথামতো বিভিন্ন লোককে গ্রেপ্তার করতেন ও গ্রেপ্তারের ভয় দেখাতেন আরিফ। গভীর সম্পর্কের কারণে নূর হোসেনের অনুরোধে নজরুলকে আটক করার পরিকল্পনা করেছিলেন বলে তিনি মনে করেন।
কর্নেল জিয়া কমিটিকে আরও বলেন, তিনি মনে করেন, নজরুলকে অপহরণের ঘটনাটি দেখে ফেলেন আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক। এরপর তাঁদেরও অপহরণ করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পারেন, সাতজনকে নিয়ে মেজর আরিফ দুটি মাইক্রোবাসে করে নরসিংদীর দিকে চলে যান। অন্য লোকজন নরসিংদী যাওয়ার পর মাঝরাতের দিকে তাঁরা মুন্সিগঞ্জের গজারিয়ায় পৌঁছান। সেখান থেকে নৌকায় করে নারায়ণগঞ্জে ফিরে আসেন। নদীপথেই তাঁরা সাতজনকে খুন করেন ও মৃতদেহ ইট বেঁধে নদীতে ফেলে দেন বলে তিনি মনে করেন।
কমিটিতে কর্নেল জিয়া বলেন, ঘটনার পর তাঁরা জানতে পারেন, নজরুলকে অপহরণের পরিকল্পনা হয় গত ১১ এপ্রিল। নূর হোসেন কাজটি দ্রুত শেষ করার জন্য আরিফকে চাপ দেন। আরিফের ব্যাংক হিসাবে এ জন্য ১২ লাখ টাকাও জমা দেন নূর হোসেন। জিজ্ঞাসাবাদে আরিফ ১২ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ছয় কোটি টাকা নেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।
এসব ঘটনা জানার পর কী ব্যবস্থা নিয়েছেন—কমিটির এমন প্রশ্নের জবাবে কর্নেল জিয়া বলেন, যথাযথ কর্তৃপক্ষকে তিনি সব জানিয়েছিলেন। সূত্র জানায়, এসব বক্তব্যের সময় তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত কমিটির কাছে উপস্থাপন করেন।
২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল তাঁদের মধ্যে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই ঘটনার পরপর নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ওই সাতজনকে তুলে নিয়ে হত্যা করেছে র্যাব। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনা আগে থেকেই জানতেন।
পরে র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। এ তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।