র‌্যাবের কর্মকর্তা সেজে চিকিৎসা সহায়তা দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের কর্মকর্তা সেজে ভারতে চিকিৎসা সহায়তা দেওয়ার নামে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের এক সদস্যকে গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাবের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন।র‌্যাব-৫-এর রাজশাহী সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি এলাকার রফিকুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তি এই চক্রের সদস্য মোস্তফার খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন। এ অভিযোগের সূত্র ধরেই র‌্যাবের সদস্যরা ওই প্রতারক চক্রের সদস্য মোস্তফাকে গ্রেপ্তার করেন।জানা যায়, গত বছরের নভেম্বর মাসে রফিকুল ইসলামের স্ত্রীর দুটি কিডনি নষ্ট হয়ে গেলে তিনি তাঁকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মোস্তফার সঙ্গে তাঁর পরিচয় হয়। নিজেকে র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে কলকাতায় গিয়ে তিনি রফিকুলের স্ত্রীকে সুচিকিৎসার পরামর্শ দেন। মোস্তফা তাঁকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কলকাতায় গেলে সুবিধা হবে বলে পরামর্শ দেন। এ জন্য চিকিৎসাসহ নানা খরচ বাবদ তিন থেকে চার লাখ টাকা খরচ লাগবে বলে তাঁকে জানানো হয়। মোস্তফা টাকা দেওয়ার জন্য তাঁকে (রফিকুল) কলকাতার এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলিয়ে দেন।র‌্যাব সূত্রে আরও জানা গেছে, মোস্তফাকে বিশ্বাস করে রফিকুল এসএ পরিবহনের মাধ্যমে পাঁচ কিস্তিতে এক লাখ ১০ হাজার টাকা কলকাতায় নির্ধারিত ঠিকানায় পাঠান। পরবর্তী সময়ে আরও টাকা চাইলে রফিকুল র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা না করে টাকা পাঠাতে অস্বীকার করেন। এই পর্যায়ে প্রতারক চক্র মুঠোফোনের সব নম্বর বন্ধ করে দেয়। তখন রফিকুল বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।পরে রফিকুলের অভিযোগের সূত্র ধরে র‌্যাবের সদস্যরা গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের নিজ বাড়ি থেকে মোস্তফাকে গ্রেপ্তার করেন।