র্যাবের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে হত্যার অভিযোগে র্যাবের তিন সদস্য ও তাদের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আরজুর ভাই মাসুদ রানা বাদী হয়ে গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি এ মামলা করেন।
মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। নালিশি আবেদন গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে কাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মামলায় র্যাব-২-এর পরিচালক (সিও) লে. কর্নেল এস এম মাসুদ রানা, ডিএডি শাহিদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং সোর্স রতনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, আরজু মিয়া হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। থানায় কোনো মামলা ছিল না। হত্যার উদ্দেশ্যে হাজারীবাগ পার্কের সামনে থেকে আরজুকে অপহরণ করে নিয়ে যান র্যাব-২-এর সদস্যরা। এ সময় কোনো ধরনের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। থানায় গিয়ে আরজুর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। সাধারণ ডায়েরিও গ্রহণ করেনি।
আরজিতে বলা হয়, থানায় মামলা করতে গেলে পুলিশ জানায়, আরজু মাদকসেবী রাজা মিয়া হত্যা মামলার আসামি। থানা-পুলিশ জানায়, বাদীর ভাই র্যাব-২-এর হেফাজতে থাকাবস্থায় তথাকথিত বন্দুকযুদ্ধে মারা গেছে বলে র্যাব পুলিশকে জানিয়েছে।
আরজিতে বলা হয়, আরজুর রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি সোর্স রতনের মাধ্যমে র্যাব-২-কে প্রভাবিত করে হত্যার পরিকল্পনা করে। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর সদস্যরা ১৭ আগস্ট বিকেলে আরজুকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন। পরে পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করে শিকদার মেডিকেলের পেছনে খোলা মাঠে লাশ ফেলে রাখেন। ১৯ আগস্ট সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, আরজু বন্দুকযুদ্ধে মারা গেছেন।