র্যাবের ক্ষমতা কমিয়ে আনা 'কৌশলগত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্ষমতা কমিয়ে আনাকে ‘কৌশলগত’ বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যখনই দরকার হবে, তখনই সরকার র‌্যাবকে ব্যবহার করবে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, রমজান ও ঈদের সময় কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় র‌্যাব টহল দেবে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, আইনে যেভাবে বলা আছে, র‌্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে। রমজানের সময় প্রতিবছর যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে।
র‌্যাবের পক্ষ থেকে গত সোমবার বলা হয়, র‌্যাব নির্ধারিত সাত মৌলিক কাজের বাইরে বা অন্য কোনো ধরনের বাড়তি কর্মকাণ্ডে অংশ নেবে না।
কিছুদিন ধরে র‌্যাবের বিরুদ্ধে গুম-অপহরণসহ নানা ধরনের অভিযোগ আসছে।