র‌্যাবের গুলিতে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের গুলিতে আলতাব হোসেন (৩৮) নামের একজন আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র‌্যাবের দাবি, আলতাব একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে তিনি আহত হন। তাঁর সঙ্গে মো. মাসুম (২৯) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে প্রাইভেট কার, অস্ত্র, মাদকসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩-এর একটি দল গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শাহজাহানপুরের শান্তিবাগের আউটার সার্কুলার রোডে আল মদিনা রেস্টুরেন্টের সামনে তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ভেতরে থাকা কয়েকজন যুবক সংকেত অমান্য করে প্রাইভেট কার নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন এবং র‌্যাবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় আলতাব নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তখন আলতাবসহ মাসুম নামের আরেকজন প্রাইভেট কার থেকে নেমে পালানোর সময় র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে। আলতাবকে হাসপাতালে ভর্তি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেট কার তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিন বোতল ফেনসিডিল ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তির ভিত্তিতে রমনা থেকে আরেকটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। ওই প্রাইভেট কারেও দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও ৩৭ বোতল ফেনসিডিল ছিল। র‌্যাব সেগুলো উদ্ধার করে। পরে সিদ্ধেশ্বরীতে আলতাবের বাসা থেকে কিছু জাল নোট ও নগদ টাকা উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসা ও প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করছিল।