র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জন্য দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। এতে ব্যয় হবে ৫৫ কোটি ৭৭ লাখ টাকা।গতকাল রোববার মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত এ-সংক্রান্ত একটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে সাতটি দরপ্রস্তাবের মধ্যে ছয়টিতে অনুমোদন দেওয়া হয়, আন্যটি ফেরত পাঠানো হয় পরবর্তী সভায় উপস্থাপনের জন্য।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, ক্রয় কমিটির বৈঠকে ‘ঢাকা জেলার দোহার উপজেলায় মধ্যম আয়ের লোকদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় তিনটি ১৫ তলা ভবন নির্মাণকাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৩ কোটি টাকা। ফ্ল্যাটের আকার এক হাজার ২০০ বর্গফুট। ২০১৩ সালে এর নির্মাণকাজ শেষ হবে।এ ছাড়া ‘রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের আই ব্লকে সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রির জন্য ৩৬০টি ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি কাম আদার ইউটিলিটি সার্ভিসেস’ ভবন নির্মাণকাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে চার কোটি ৩২ লাখ টাকা।২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন মেয়াদে প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) সংস্থা নিয়োগের জাতীয় রাজস্ব বোর্ডের দরপ্রস্তাবও অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটিতে।স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় ৮৪ কোটি টাকা ব্যয়ের একটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদের ওপর চর লোহানিয়া এবং বুড়বুড়িয়া গ্রাম, বাঞ্ছারামপুর-রামকৃষ্ণপুর গ্রাম হোমনা রাস্তায় ৭৭০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ।এ ছাড়া অনুমোদন দেওয়া হয়েছে ‘চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়কের চট্টগ্রাম (অক্সিজেন মোড়)-হাটহাজারী অংশ ডিভাইডারসহ প্রশস্তকরণ’ শীর্ষক প্রকল্পের সড়ক প্রশস্তকরণ এবং স্লো মুভিং ভেহিকল চলাচল সড়ক নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব। এতে ব্যয় হবে ৬৩ কোটি টাকা।