সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ের দুটি তদন্ত দলের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসনের তদন্ত দলের সামনে গতকাল সোমবার র্যাবের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। দুটি তদন্ত দলের পক্ষ থেকেই জানানো হয়েছে, তদন্তের সময় আর বাড়ানো না হলে তাদের তদন্তকাজ আগামীকাল বুধবার শেষ হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয় রাজশাহীতে রেলওয়ের তদন্ত কমিটির সঙ্গে প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের গতকাল বৈঠক হয়। রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ও তদন্ত দলের প্রধান আমজাদ হোসেন টেলিফোনে বলেন, প্রথম দফায় তিন দিনের সময় নিয়ে তদন্ত দল কাজ শুরু করে। পরে আরও চার দিন সময় বাড়ানো হয়। আরও সময় বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।দুর্ঘটনার জন্য কে দায়ী বা ট্রেনে আগুন দেওয়ার সময় দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি আমজাদ হোসেন।এদিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসনের গঠিত তদন্ত দলের সামনে গতকাল বিকেলে সাক্ষ্য দেন র্যাব-১২-এর তিনজন কর্মকর্তা। তাঁরা ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ছাড়া তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল গণবিজ্ঞপ্তি প্রচার করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ছাড়াও ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ, র্যাব ও দমকল কর্মীদের সাক্ষ্য গ্রহণ করছে এই কমিটি।১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মুলিবাড়ি রেলগেটসংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ট্রেনের ১১টি বগিতে আগুন লাগিয়ে দেয়। ট্রেনে আগুন দেওয়া ও হামলার ঘটনায় এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পাঁচটি ও জিআরপি থানায় তিনটি মামলা হয়েছে।