র্যাবের দুই সদস্যকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
আজ বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘণ্টা জেলা সার্কিট হাউসে উপসহকারী পরিচালক আবদুস সালাম ও সদস্য আবদুস সামাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে তদন্ত কমিটি এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে।
সাংসদ শামীম ওসমানের সাক্ষ্য নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন, তাঁর সাক্ষ্য নেব। আমরা বসে নেই, কাজ করছি। শিগগিরই আপনারা তা দেখতে পাবেন।’
২২ জুলাই নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবদুস সামাদ ও আবদুুস সালাম। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক মামলা করেন। এ ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।