র্যাবের পরিচয়ে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি
‘আপনাদের বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা আছে। আপনারা র্যাব ক্যাম্পে চলেন...।’ র্যাবের পরিচয় দিয়ে এভাবে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে অপহরণ করা হয়। পরে তিনজনের পরিবারের কাছ থেকে তিন লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার তিন ব্যক্তি হলেন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আল হেলাল, তাঁর বাবা ময়নুদ্দীন শেখ ও চাচা আজিবর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ আল হেলাল সরকারি নির্দেশনামতো আনুষঙ্গিক কাজের জন্য ঢাকায় যান। সঙ্গে যান তাঁর বাবা ও চাচা। তাঁরা গত ২৫ জানুয়ারি মহাখালীর জাহাদ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। ২৭ জানুয়ারি র্যাবের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁদের কক্ষে যান। পরে র্যাবের পোশাক পরা আরও সাত-আটজন ওই কক্ষে ঢোকেন। তাঁরা ওই তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা আছে জানিয়ে র্যাব ক্যাম্পে নেওয়ার কথা বলেন। পরে মাইক্রোবাসে তুলে মিরপুর ১২ নম্বর সেকশন এলাকার ‘আলিয়া ভিলা’ নামের একটি বাসায় নিয়ে যান। ওই বাড়িতে তাঁদের বন্দী করে রাখা হয়। চার দিন পর মুক্তিপণ নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। ময়নুদ্দীন শেখ অভিযোগ করেন, পরিবারের পক্ষ থেকে তাঁদের গ্রামের ফিরাতুল হকের মাধ্যমে তিন লাখ ২০ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া হয়। টাকা পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ফিরাতুল পলাতক রয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাফর আলী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।