র্যাবের পোশাকে তিন ব্যবসায়ীর টাকা লুট
র্যাবের পোশাক পরে মামলার আসামি করার ভয় দেখিয়ে তিন গরু ব্যবসায়ীকে অপহরণের পর টাকা নিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের গঙ্গাপ্রসাদে এ ঘটনা ঘটে। পরে তাঁদের ৪০ কিলোমিটার দূরে সলঙ্গা থানার গোজা ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয়।পুলিশ ও অপহূত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের তিন গরু ব্যবসায়ী ঠান্ডু মিয়া, বাবু মিয়া ও আজাদ মিয়া সোমবার বিকেলে পাবনার বেড়া উপজেলার গরুর হাটে গরু বিক্রি করে টাকা নিয়ে একটি বাসে বাড়ি ফিরছিলেন। বাসটি বিকেলে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ অতিক্রমকালে কালো রঙের একটি মাইক্রোবাস গতিরোধ করে। এ সময় র্যাবের পোশাক পরিহিত চারজন ব্যক্তি ওই ব্যবসায়ীদের বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে মারধর করে তাঁদের কাছে থাকা ১০ লাখ টাকা নিয়ে প্রায় ৪০ কিলোমিটার দূরে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজের কাছে মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়।শাহজাদপুর থানার এসআই বাসেদ মিয়া জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সব থানায় তারবার্তা পাঠানো হয়। ডাকাত দলের সদস্যরা র্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় ছিল বলে উদ্ধার হওয়া তিনজনের জবানবন্দি থেকে জানা গেছে।