র্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম-খুনে জড়িয়ে পড়ার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এ বাহিনী আজ জীবন রক্ষার বদলে জীবন হরণ করছে। এ অবস্থায় এলিট ফোর্স নামে এ বাহিনী রাখার প্রয়োজন আছে কি-না, তা ভাবার সময় এসেছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর অর্থ সরকার এ ঘটনার দায় স্বীকার করেছে। এর মাধ্যমে সরকার স্বীকার করে নিয়েছে, হত্যার ঘটনায় র‌্যাব জড়িত। অবিলম্বে অপহরণ ও গুম-খুন বন্ধের দাবি জানিয়ে মির্জা ফখরুল এ ঘটনায় জড়িত থাকার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেন।
বিএনপি র‌্যাবের বিলুপ্তি চায় কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। জনগণের বক্তব্যই তাদের বক্তব্য।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত ও গুমের একটি পরিসংখ্যান দেন। তাঁর দাবি, এ সময়ের মধ্যে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮৭ জন নিহত এবং ২৫ জন গুম হয়েছেন। তিনি জানান, তাঁরা দলীয় সূত্রে এসব গুম-খুনের তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তী সময়ে তা আবার যাচাই করানো হয়েছে। তার পরও কিছু ভুলত্রুটি থাকতে পারে। তবে সামান্য ভুলত্রুটি বড় করে না দেখে গুম-খুনের ভয়াবহতার দিক বিবেচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। গুম, খুনের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দেবে বলেও জানান তিনি।
কর্মসূচি: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির আওতায় ২৯ মে বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা, ৩০ মে ভোর ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন জায়গায় দুস্থ ব্যক্তিদের মাঝে খালেদা জিয়ার খাবার বিতরণ এবং ৩১ মে ও ১ জুন বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হবে।