র্যাবের বাড়াবাড়ি সাংবাদিককে আটক পরে মুক্ত
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিক্ষোভ ঠেকাতে কর্মরত র্যাব সদস্যদের বাড়াবাড়িতে গতকাল রোববার আতঙ্ক ছড়িয়েছে মতিঝিল এলাকায়। এ সময় সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। দুপুর দুইটার সময় ডিএসইর মূল ভবনের ষষ্ঠ তলা থেকে র্যাব প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদকে অকারণে আটক করে এনে গাড়িতে তোলে। তিনি তখন ভবনের ভেতরে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফটোসাংবাদিকদের দাবির মুখে র্যাব তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।দুপুর দুইটায় ডিএসই ভবনের ষষ্ঠ তলায় ডিএসইর সাবেক সহসভাপতি আবদুল হকের কক্ষ থেকে প্রসাধনী কক্ষে যাওয়ার সময় মনজুর আহমেদকে আটক করা হয়। এ সময় র্যাবের একজন কর্মকর্তা ও দুজন সেপাই এসে ধমকাতে থাকেন সাংবাদিককে। তাঁরা তেড়ে এসে বলেন, এখান থেকে উঁকি দিচ্ছেন কেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও বকাঝকা চালিয়ে যান। এ সময় পরিচয়পত্র দেখালে র্যাবের ক্যাপ্টেন র্যাঙ্কের ওই কর্মকর্তা বলেন, ‘সাংবাদিক হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন।’ র্যাব কর্মকর্তা এরপর উঁকি দেওয়ার অভিযোগ তুলে তাঁকে ধরে নিয়ে যান এবং বলেন, ‘নিয়ে গিয়ে থানায় ভরে দেব, দেখাব কেমন মজা লাগে।’নিচে নেমে আসার পর উপস্থিত টিভি ও প্রিন্ট মিডিয়া এবং ফটোসাংবাদিকেরা আপত্তি করলেও মনজুর আহমেদকে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। এ পর্যায়ে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আবারও দুর্ব্যবহার করেন র্যাবের কর্মকর্তারা। এ সময় ডিএসইর সাবেক সভাপতি আবদুল হক গাড়ির কাছে এসে কথা বলতে চাইলেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বরং ধমক দিয়ে সরিয়ে দেওয়া হয়।এর প্রায় আধা ঘণ্টা পর ব্যাপক প্রতিরোধের মুখে মনজুর আহমেদকে ছেড়ে দিতে বাধ্য হন র্যাবের কর্মকর্তারা। এ সময় টেলিফোনে ওই র্যাব কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মনজুর আহমেদের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার মিথ্যা তথ্য দিতে থাকেন। এর আগে র্যাব কর্মকর্তারা নিজেদের নামের ব্যাজটিও খুলে ফেলেন।