র্যাবের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চান মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের বিষয়ে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। খবর ইউএনবির।

আজ বৃহস্পতিবার র‌্যাবের অভ্যন্তরীণ তদন্ত সেলের সদস্যদের আট সপ্তাহের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

ড্যান মজীনা বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার বিষয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে একটি পুঙ্খানুপুঙ্খ, সময়োচিত ও বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনায় জন্য সরকারের প্রতি আমার আহ্বান অব্যাহত থাকবে।’ তিনি তদন্ত প্রতিবেদন স্বচ্ছভাবে তুলে ধরারও আহ্বান জানান।

মজীনা বলেন, র‌্যাবের যেসব সদস্য নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাঁদের নিজেদের স্বার্থেই ক্ষমতার অপব্যবহারকারীদের বিষয়ে জবাবদিহি থাকা জরুরি। দু-একজন সদস্যের জন্য পুরো বাহিনী প্রশ্নের মুখে পড়েছে।