র্যাবের বিরুদ্ধে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ
কুদ্দুস রহমান নামের মিরপুরের এক বাসিন্দাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।কুদ্দুস রহমানের অভিযোগ, তিনি জমি ও অ্যাপার্টমেন্ট বেচাকেনার ব্যবসা করেন। পল্লবী থানার বাউনিয়ায় তাঁর ১০ কাঠা জমি দখলে নিতে সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনের পক্ষে র্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানের নির্দেশে র্যাবের কর্মকর্তা ক্যাপ্টেন হাসিব ওই ঘটনা ঘটিয়েছেন। গত ২৭ মে র্যাব সদস্যরা চোখ বেঁধে তাঁকে মিরপুর পাইকপাড়ায় র্যাব-৪-এর কার্যালয়ে নিয়ে যান। র্যাবের সহযোগিতায় ওই চারজন তাঁর কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার চেক ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নিয়েছেন। হাতিয়ে নেন প্রায় দুই লাখ টাকা। তাঁর তিনটি গাড়ি ও জমির দলিল আটকে রাখা হয়েছে। ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলছে বলেও তিনি জানান। কুদ্দুস রহমান জানান, ভয়ে এখন তিনি ব্যবসা পরিচালনা করতে পারছেন না। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। র্যাব-৪-এর অধিনায়ক কামরুল হাসান নির্যাতনের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, কুদ্দুস একজন ভূমিদস্যু। তিনি সাবেক সেনা কর্মকর্তা আজমের কাছে জাল দলিল দিয়ে প্রায় ছয় কোটি টাকার একটি জমি বিক্রি করেছেন। বিষয়টি জানার পর আজম র্যাব সদর দপ্তরে অভিযোগ করেন। র্যাব-৪ কে অভিযোগের তদন্ত করতে দেওয়া হয়। কামরুল হাসান বলেন, কুদ্দুসকে র্যাব কার্যালয়ে এনে মীমাংসার জন্য আজমের মুখোমুখি করা হয়। কুদ্দুস টাকা ফেরত দিতে নিজেই ওই চেক লিখে দেন এবং গাড়ি রেখে যান। ৩০ জুন টাকা দেওয়ার শেষ সময়। এর আগে তিনি বিষয়টি ভিন্ন খাতে নিতে সংবাদ সম্মেলন করেছেন।