র‌্যাবের বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য র‌্যাবের একজন কর্মকর্তা বাদীকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল সোমবার শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মামলার বাদী গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরামা গ্রামের খোরশেদা অভিযোগ করেন, তাঁর স্বামী সৌদিপ্রবাসী আবুল হাশেমের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গাজীপুর আদালতে নাদিয়া ইরফান ও নারগিছ আলী গংয়ের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলার বিবাদীরা দীর্ঘদিন ধরে ওই মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছেন।খোরশেদা দাবি করেন, সম্প্রতি আবুল হাশেম সৌদি আরব থেকে দেশে ফিরলে বিবাদীপক্ষ র‌্যাব দিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পরে র‌্যাব গাজীপুর (শিমুলতলী) কার্যালয়ের ক্যাপ্টেন ফারুক তাঁকে (খোরশেদা) ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের জন্য দুই দিন সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করলে স্বামীসহ তাঁকে ধরে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখান।অভিযোগ অস্বীকার করে র‌্যাব গাজীপুর (শিমুলতলী) কার্যালয়ের ক্যাপ্টেন ফারুক পরিচয়দানকারী ওই ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খোরশেদা মিথ্যা মামলায় কয়েকজনকে হয়রানি করছেন। তাঁকে মামলা প্রত্যাহারের জন্য বলা হয়েছে। কাউকে হুমকি দেওয়া র‌্যাবের কাজ নয়।শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আনিছুর রহমান জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।