র্যাবের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ থানায়
লিমন হত্যাচেষ্টার ঘটনার অভিযোগ এজাহার হিসেবে নেওয়ার আদেশ ঝালকাঠির রাজাপুর থানায় পৌঁছেছে। তবে গতকাল সোমবার রাত পর্যন্ত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়নি। রাজাপুর থানার অপারেশন কর্মকর্তা (উপপরিদর্শক) আবদুল হালিম প্রথম আলোকে জানান, ‘ছয়জন র্যাব সদস্যের নামে মামলা নেওয়ার আদালতের আদেশ এসেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের পেশকার মো. নফিসুর রহমান জানান, রোববার সন্ধ্যায় আদালতের নির্দেশসংক্রান্ত কাগজপত্র বিশেষ বাহক মারফত রাজাপুর থানায় পাঠানো হয়। রাজাপুর থানার পুলিশের সদস্য গিয়াস উদ্দিন তা গ্রহণ করেন। মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেটে নাসিমুল হাসান বলেন, ‘আদালতের নির্দেশ থানায় পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ডের বিধান রয়েছে। যথাসময়ে অভিযোগ এজাহার হিসেবে লিপিবদ্ধ না হলে বিষয়টি আদালতের নজরে আনা হবে।’ গত রোববার কলেজছাত্র লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করেন। শুনানি শেষে আদালতের বিচারক নুসরাত জাহান নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য রাজাপুর থানার ওসিকে নির্দেশ দেন। মানববন্ধন: লিমনকে নৃশংস নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।