র্যাবের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বছরগুলোতে সংঘটিত যেসব বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ও অন্যান্য গুরুতর অনিয়মে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ রয়েছে, সেগুলোর তদন্ত করতে নিরপেক্ষ একটি তদন্ত কমিটি গঠনে বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার দেওয়া এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ র‌্যাব ভেঙে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে এতে বলা হয়, একটি গণতান্ত্রিক েদশে ‘খুনে বাহিনীর’ (ডেথ স্কোয়াড) স্থান নেই৷
বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ লিখেছে, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর প্রধানমন্ত্রী আইনপ্রয়োগকারী সংস্থাকে কারও অবস্থান বিবেচনা না করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার িনর্দেশ দিয়েছেন বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন৷ এ ছাড়া র‌্যাবের অভিযুক্ত কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হাইকোর্টের নির্দেশনার কথাও এতে উল্লেখ করা হয়।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে অস্বীকৃতি জানানোর পর সরকার তার নীতি বদলেছে এবং নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে। একে আমরা স্বাগত জানাই৷ আশা করছি, এটি র‌্যাব ও অন্যান্য বাহিনীকে যেভাবে বছরের পর বছর ধরে বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়ে আসছে সেই ধারায় পরিবর্তনের সূচনা করবে৷ প্রধানমন্ত্রীকে এখন অবশ্যই নারায়ণগঞ্জের ঘটনা ছাড়াও তদন্তের পরিধি বাড়িয়ে সব ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার জন্য নিরপেক্ষ একটি প্রক্রিয়ার উদ্যোগ নিতে হবে৷’
এইচআরডব্লিউ র‌্যাবকে বিলুপ্ত করার দাবি পুনর্ব্যক্ত করেছে। এর বদলে সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে একটি সম্পূর্ণ জবাবদিহিমূলক বেসামরিক আইনপ্রয়োগকারী সংস্থা গঠনের পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে র‌্যাবকে বিলুপ্ত করার দাবি এখন সরাসরিই করা হচ্ছে। যাঁর আমলে র‌্যাব সৃষ্টি হয়েছিল সেই খালেদা জিয়া এই বাহিনী ভেঙে দেওয়ার দাবি করেছেন।
ব্র্যাড অ্যাডামস বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিন্দুমাত্র সহ্য না করার (জিরো টলারেন্স) যে প্রতিশ্রুতি বাংলাদেশ সব সময় দিয়ে এসেছে তা বাস্তবায়নের একটি ভালো সুযোগ এসেছে। র‌্যাব ভেঙে দেওয়া উচিত এবং এর বদলে একটি সম্পূর্ণ বেসামরিক বাহিনী গঠন করতে হবে যা আইনের শাসন মেনে কাজ করবে এবং যার ওপর বাইরে থেকে নজরদারি থাকবে৷ একটি গণতান্ত্রিক দেশে খুনে বাহিনীর (ডেথ স্কোয়াড) কোনো স্থান নেই।’
এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়া পরিচালক মীনাক্ষী গঙ্গোপাধ্যায় গতকাল ফোনে প্রথম আলোকে বলেন, ‘র‌্যাবকে শুরুতে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। বাধাহীনভাবে একের পর এক বিচারবহির্ভূত কাজে লাগানোয় এই বাহিনী এখন ব্যক্তি পর্যায়ে টাকা নিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।...আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। র‌্যাবের মতো বাহিনী যেখানে সেনাবাহিনীরও সম্পৃক্ততা আছে, তাকে দিয়ে এ কাজ কেন করা হবে?’